25.4 C
Bangladesh
Sunday, October 11, 2026
BRS TIMES
লালমাইয়ে তাজমিন হত্যা, সিএনজিচালক গ্রেপ্তার
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

লালমাইয়ে তাজমিন হত্যা: সিএনজিচালক গ্রেপ্তার, উদ্ধার আইফোন

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে (১৫) ধর্ষণের পর হত্যার অভিযোগে সুমন মিয়া (৩৫) নামে এক সিএনজিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী, নিহত ছাত্রীর ব্যবহৃত আইফোনও উদ্ধার করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়া।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে লালমাই উপজেলার ভোরাজগৎপুর উত্তরপাড়া গ্রামের একটি ধানখেতের আইলের পাশ থেকে জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধার করা হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে তার বাবা মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় লালমাই থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

নিহত জান্নাতুল কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার স্থায়ী বাড়ি যশোর জেলায়। বাবার চাকরির সুবাদে পরিবারের সঙ্গে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় বসবাস করত সে।

যেভাবে ঘটনার সূত্রপাত

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার তিশা বাস কাউন্টারের সামনে থেকে রেসকোর্স এলাকায় যাওয়ার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে জান্নাতুল। চালক সুমন মিয়ার সঙ্গে ৩০০ টাকা ভাড়া ঠিক হয়। তবে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে চালক তাকে অন্য পথে নিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, অন্ধকার ও নির্জন এলাকায় পৌঁছানোর পর বিষয়টি বুঝতে পেরে জান্নাতুল অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটকে যৌন নির্যাতনের চেষ্টা করেন সুমন। জান্নাতুল চিৎকার করলে তার গলায় গামছা পেঁচিয়ে ধরেন তিনি। একপর্যায়ে জান্নাতুল দুর্বল হয়ে পড়লে তাকে ধর্ষণ ও হত্যা করেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন সুমন—এমনটাই জানিয়েছে পুলিশ।

পরে জান্নাতুলের মরদেহ ধানখেতে ফেলে রেখে তার ব্যাগ থেকে আইফোন নিয়ে চলে যান অভিযুক্ত চালক বলে পুলিশের ভাষ্য।

চট্টগ্রাম থেকে গ্রেপ্তার, উদ্ধার আইফোন

পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার পর সুমন বাখরাবাদ এলাকায় একটি পুকুরপাড়ের জঙ্গলে আইফোনটি লুকিয়ে রেখে চট্টগ্রামে চলে যান। এরপর জেলা গোয়েন্দা পুলিশ ও লালমাই থানা-পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে গত শুক্রবার চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে সুমনের দেওয়া তথ্য ও দেখানো স্থান অনুযায়ী বাখরাবাদ এলাকার পুকুরপাড়ের জঙ্গল থেকে জান্নাতুলের আইফোনটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে। সংবাদ সম্মেলনে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related posts

আফ্রিকা থেকে পিঁপড়া যাচ্ছে ইউরোপে, কেনিয়া থেকে জীবিত পিঁপড়া পাচারকালে আটক ৪

brs@admin

রাশিয়ার হয়ে যুদ্ধ করা উত্তর কোরীয় সেনাদের ‘বীর’ আখ্যা দিলেন কিম

News Desk

সরকারি পলিটেকনিকে ফের চালু হচ্ছে ভর্তি পরীক্ষা পদ্বতি

brs@admin

আর কত চাচ্ছেন, পাওয়ার হিটিং ইস্যুতে তামিমের প্রশ্ন

News Desk

শুক্রবার লন্ডনে ইউনূস-তারেক বৈঠক, রাজনীতিতে নতুন মোড়

brs@admin

‘মোদি চোর, অমিত শাহ চোর, বিজেপি চোর’; বিধানসভায় মমতা

News Desk
Translate »