দেশের বাজারে সর্বশেষ নির্ধারিত দামেই আজ বুধবার বিক্রি হচ্ছে স্বর্ণ। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত শনিবার স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। ফলে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা প্রতি ভরি।
বাজুসের নির্ধারিত নতুন দাম শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট হলমার্ক করা স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা প্রতি ভরি।
এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা প্রতি ভরি।
বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১২ সেপ্টেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা প্রতি ভরি।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বর্ণের অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
স্বর্ণের দাম এক নজরে
| স্বর্ণের ধরন | প্রতি ভরি দাম |
|---|---|
| ২২ ক্যারেট | ২,৩৪,৬২১ টাকা |
| ২১ ক্যারেট | ২,২৪,০৬৫ টাকা |
| ১৮ ক্যারেট | ১,৯২,৩৯৭ টাকা |
| সনাতন পদ্ধতি | ১,৫৭,১৭২ টাকা |




