বরিশাল নগরীর পোর্ট রোড এলাকায় বৈধভাবে স্থাপিত নিজের একটি স্থাপনা স্বেচ্ছায় সরিয়ে নিয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানুর রহমান বাপ্পি। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে স্থাপনাটি নিয়ে নানা ধরনের প্রচারণা ও বিতর্ক তৈরি হওয়ায় জনস্বার্থে এবং দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে তিনি এ সিদ্ধান্ত নেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিজে উপস্থিত থেকে স্থাপনাটি অপসারণের কার্যক্রম তদারকি করেন মিজানুর রহমান বাপ্পি।
এ সময় তিনি বলেন, “স্থাপনাটি বৈধ হওয়া সত্ত্বেও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের প্রচারণা শুরু হয়। এতে অনাকাঙ্ক্ষিত বিতর্ক তৈরি হচ্ছিল। তাই জনস্বার্থ এবং দলের সুনাম সমুন্নত রাখার বিষয়টি বিবেচনা করে স্থাপনাটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
বাপ্পির ঘনিষ্ঠজনরা জানান, স্থাপনাটি বৈধ হলেও কোনো ধরনের বিতর্কে জড়াতে চাননি তিনি। দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে ব্যক্তিগত একটি বিষয়কে কেন্দ্র করে যেন দলের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়, সে বিষয়টি গুরুত্ব দিয়েই স্থাপনাটি সরিয়ে নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা বলেন, কোনো স্থাপনার বৈধতা নিয়ে প্রশ্ন না থাকলেও তা নিয়ে জনমনে বিভ্রান্তি বা বিতর্ক তৈরি হলে সেটি এড়িয়ে চলা দায়িত্বশীলতার পরিচয়। সেই বিবেচনায় মিজানুর রহমান বাপ্পির স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন তারা।
জনস্বার্থ ও দলের সম্মান রক্ষায় নেওয়া এ উদ্যোগের জন্য বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের এই নেতা।

