দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপি সরকারে আসার পর দলীয় কার্যক্রমে যেন শৈথিল্য না আসে, সে জন্য সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরালো করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে শনিবার তৃতীয়বারের মতো স্থায়ী কমিটির বৈঠকে বসতে যাচ্ছে দলটি।
বৈঠকে থাকবেন নতুন চার সদস্য
বৈঠকে স্থায়ী কমিটির নতুন চার সদস্য অংশ নেবেন। তারা হলেন—রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহউল্লাহ।
বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলের কৌশল, আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা, জুলাই সনদ নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে দলের করণীয়, ব্রিকস সম্মেলন এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে বলে তিনি শুনেছেন।
ব্রিকস সম্মেলন নিয়েও আলোচনা
স্থায়ী কমিটির বৈঠকে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সরকারের কৌশল নিয়েও আলোচনা হতে পারে। তবে বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এক ব্রিফিংয়ে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অষ্টাদশ ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনে ব্রিকস সদস্য দেশগুলোর নেতাদের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস অংশ নেবেন।
২০২৬ সালে ব্রিকসের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে ভারত। সম্মেলনটি নয়াদিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হবে। ব্রিকসের চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হলেও তিনি এতে অংশ নিচ্ছেন না।




