মাত্র ১৯ বছর বয়সেই মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর মুকুট জিতে আলোচনায় এসেছেন কেরালার তরুণী কাজিয়াহ লিজ মেজো। ভারতের ৫২ জন প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি অর্জন করেছেন দেশের অন্যতম মর্যাদাপূর্ণ এই সৌন্দর্য প্রতিযোগিতার শিরোপা।
জয়পুরের জি স্টুডিওসে আয়োজিত গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী হিসেবে কাজিয়াহর নাম ঘোষণা করা হয়। এরপর মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৫ মানিকা বিশ্বকর্মা তার উত্তরসূরি কাজিয়াহ লিজ মেজোর মাথায় মুকুট পরিয়ে দেন।
মুকুট জয়ের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কাজিয়াহ বলেন, তার কাছে মনে হচ্ছে তিনি যেন ‘বিশ্বের শীর্ষে’ রয়েছেন। এই সাফল্যের জন্য তিনি তিন বছরেরও বেশি সময় ধরে প্রস্তুতি ও পরিশ্রম করেছেন। কেরালার হয়ে মুকুট জয় করে নিজের শহরকে বিশ্বের সামনে তুলে ধরতে পারায় তিনি অত্যন্ত আনন্দিত বলেও জানান।
কাজিয়াহর কাছে এই পথচলা সহজ ছিল না। নিজের সংগ্রামের কথা বলতে গিয়ে তিনি জানান, মানুষের সবচেয়ে কঠিন লড়াই অনেক সময় নিজের সঙ্গেই। নিজের সামর্থ্য ও যোগ্যতার ওপর নিজের ধারণার চেয়েও বেশি বিশ্বাস রাখা ছিল তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
মাত্র ১৯ বছর বয়সে দেশের অন্যতম বড় সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে তুলে ধরতে হয়েছে তাকে। দীর্ঘদিনের পরিশ্রম, সাহস ও আত্মবিশ্বাসের ফল হিসেবেই শেষ পর্যন্ত মুকুট জয় করেছেন এই তরুণী।
তবে মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুটই কাজিয়াহর শেষ লক্ষ্য নয়। আগামী নভেম্বরে পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত হবে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। সেখানে ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি।
আন্তর্জাতিক মঞ্চে নিজের লক্ষ্য সম্পর্কে কাজিয়াহ বলেন, ভারতে মিস ইউনিভার্সের মুকুট ফিরিয়ে আনাই তার সবচেয়ে বড় স্বপ্ন। জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারত ও কেরালার প্রতিনিধিত্ব করতে চান তিনি।
এবারের মিস ইউনিভার্স ইন্ডিয়ার বিচারক প্যানেলেও ছিল তারকাখচিত উপস্থিতি। বিচারকদের মধ্যে ছিলেন ভারতের প্রথম মিস ইউনিভার্স সুস্মিতা সেন, সাবেক মিস ইউনিভার্স ইন্ডিয়া উর্বশী রাউতেলা, মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪ রিয়া সিংহা, পরিবেশকর্মী ও চলচ্চিত্র প্রযোজক প্রজ্ঞা কাপুর এবং সাবেক মিস ইন্ডিয়া ইউনিভার্স ও মিস ইউনিভার্সের রানারআপ সেলিনা জেটলি।
প্রতিযোগিতায় প্রথম রানারআপ ও মিস ইন্টারন্যাশনাল ইন্ডিয়া ২০২৬ হয়েছেন বৈষ্ণবী গণেশ। দ্বিতীয় রানারআপ অনুশ্রী সাতাভলেকর, তৃতীয় রানারআপ তেজস্বিনী শ্রীবাস্তব এবং চতুর্থ রানারআপ হয়েছেন অনুবা বশিষ্ঠ চৌধুরী।
মাত্র ১৯ বছর বয়সে মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট জিতে কাজিয়াহ এখন ভারতের সৌন্দর্য প্রতিযোগিতার নতুন আলোচিত মুখ। নভেম্বরে আন্তর্জাতিক মঞ্চে তার পারফরম্যান্সের দিকেই এখন নজর থাকবে সৌন্দর্য প্রতিযোগিতাপ্রেমীদের।




