BRS TIMES
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল
জাতীয়প্রচ্ছদরাজনীতিশিরোনাম

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে তার প্রার্থিতা চূড়ান্ত করেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক শেষে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি পদে প্রার্থিতার বিষয়টি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৪টার মধ্যে নির্বাচন কমিশনে মির্জা ফখরুলের পক্ষে রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। একইসঙ্গে বিএনপির মহাসচিব পদ থেকেও পদত্যাগ করেছেন মির্জা ফখরুল।

দীর্ঘদিন বিএনপির নেতৃত্বে মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। পরে ২০১৬ সালে দলের জাতীয় কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে মহাসচিব নির্বাচিত হন। দীর্ঘ সময় ধরে দলটির শীর্ষ নেতৃত্বে থেকে তিনি বিএনপির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও রাজনৈতিক কর্মকাণ্ডে ভূমিকা রাখেন।

বিশেষ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দিত্ব এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনে অবস্থানের সময় মির্জা ফখরুল দলটির নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি ছয়বার কারাগারে যান। নানা রাজনৈতিক প্রতিকূলতা ও চাপের মধ্যেও তিনি বিএনপির সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যান।

দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে মির্জা ফখরুল একজন অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।

সংসদ সদস্য ও মন্ত্রী হন মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্ব পান তিনি।

রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর নতুন প্রার্থী

গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। তিনি আওয়ামী লীগের মনোনয়নে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী, বৃহস্পতিবার বিকাল ৪টার মধ্যে রাষ্ট্রপতি পদে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এরপর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

আগামী ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Related posts

ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

brs@admin

ইরান যুদ্ধ করতে চায় না, তবে সীমান্ত রক্ষায় প্রস্তুত: পেজেশকিয়ান

News Desk

ছয় ঘণ্টা পর সারাদেশের সাথে খুলনার রেল যোগাযোগ স্বাভাবিক

brs@admin

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

News Desk

বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

News Desk

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

News Desk
Translate »