29.9 C
Bangladesh
Saturday, September 19, 2026
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদফিফা বিশ্বকাপ ২০২৬শিরোনাম

নিউজিল্যান্ডের বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও ড্র করে মাঠ ছেড়েছে ইরান

২০২৬ বিশ্বকাপে ড্রয়ের ধারা যেন অব্যাহতই থাকছে। ‘জি’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে ইরান ও নিউজিল্যান্ড রোমাঞ্চকর ২-২ গোলের ড্র করেছে। লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত ম্যাচটিতে ছিল নাটকীয়তা, পাল্টা আক্রমণ আর শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনা।

দুইবার পিছিয়ে পড়েও অসাধারণ মানসিক দৃঢ়তা দেখিয়ে ম্যাচে সমতা ফেরায় ইরান, আর নিউজিল্যান্ডকে শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। এর আগে একই গ্রুপের অন্য ম্যাচে বেলজিয়াম ও মিশরের ম্যাচও ১-১ গোলে ড্র করায় ‘জি’ গ্রুপে এখন চার দলই সমান এক পয়েন্ট নিয়ে অবস্থান করছে। ফলে নকআউট পর্বে ওঠার লড়াই আরও জমে উঠেছে।

ইরানের জন্য এই ম্যাচটি ছিল বিশেষ কিছু। যুক্তরাষ্ট্রের মাটিতে উড়েছে তাদের পতাকা, বেজেছে জাতীয় সংগীত। অথচ বিশ্বকাপ ফুটবলে ইরানের অংশগ্রহণ নিয়েই ছিল ঘোর অনিশ্চয়তা। আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ ও দুই দেশের চলমান রাজনৈতিক-সামরিক উত্তেজনার মধ্যেও সব বাধা অতিক্রম করে লস অ্যাঞ্জেলসে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে ইরান।

স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ড তাদের প্রথম আক্রমণ থেকেই এগিয়ে যায়। ম্যাচের সপ্তম মিনিটে গোল তৈরিতে বড় ভূমিকা রাখেন ফরোয়ার্ড ক্রিস উড। চমৎকারভাবে বল ধরে রেখে আক্রমণের ভিত্তি গড়ে দেন তিনি। পরে বলটি আবার নিজের নিয়ন্ত্রণে নিয়ে বুক দিয়ে বাড়িয়ে দেন এলাইজা জাস্টের সামনে। সুযোগ পেয়ে জাস্ট জোরালো শটে বল পাঠিয়ে দেন ইরানের গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দের নাগালের বাইরে। এগিয়ে যায় নিউজিল্যান্ড।

বিশ্বকাপের মূল পর্বে এটি নিউজিল্যান্ডের ইতিহাসে মাত্র পঞ্চম গোল।

পানি বিরতির পর ইরানই ছিল বেশি আক্রমণাত্মক দল। এক পর্যায়ে বল বাড়ানো হয় রামিন রেজাইয়ানের দৌড়ের পথে। ৩২তম মিনিটে তিনি অসাধারণ দক্ষতায় বুটের বাইরের অংশ দিয়ে বলটিকে স্পর্শ করে নিউজিল্যান্ডের গোলরক্ষক ম্যাক্স ক্রুকোম্বের পাশ কাটিয়ে জালে পাঠিয়ে দেন। গোলরক্ষক ডাইভ দেওয়ার সুযোগই পাননি।

প্রথমার্ধের মতোই ইরান দ্বিতীয়ার্ধও ভালোভাবে শুরু করে, কিন্তু ক্রিস উড এবং এলাইজা জাস্টের সমন্বয়ে ফের এগিয়ে যায় নিউজিল্যান্ড। উড স্লাইড করে নিখুঁত পাস দেন, আর জাস্ট ইরানের গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দকে টপকে ভাসানো শটে বল জালে পাঠান।

কিউইদের স্বপ্নে পানি ঢেলে ৬৪তম মিনিটে ফের সমতায় ফেরে ইরান। এটি ছিল একটি অসাধারণ গোল। বলটি ডান প্রান্তে খোলা জায়গায় পাঠানো হয় গোলদাতা রামিন রেজায়িয়ানের দিকে। তিনি উইং থেকে দুর্দান্ত এক ক্রস দেন, আর মোহাম্মদ মোহেব্বি দৌড়ে এসে শক্তিশালী হেডে বলটি লক্ষ্যভেদ করেন।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় খেলা ২-২ গোলে সমতা নিয়ে শেষ হয়।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার শিকার হওয়ার পর গত ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যত যুদ্ধাবস্থায় রয়েছে ইরান। সেই প্রেক্ষাপটে বিশ্বকাপে দলটির যাত্রা শুরু থেকেই ছিল অনিশ্চয়তায় ঘেরা। যুক্তরাষ্ট্রে ম্যাচ খেললেও ইরানকে ক্যাম্প করতে হয়েছে মেক্সিকোর সীমান্ত শহর তিহুয়ানায়।

স্পোর্টস/আরএন

Related posts

এনবিআরের এক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

News Desk

গাজীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

News Desk

বেড়েছে খোলা তেলের দাম

News Desk

আ.লীগের কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মী গ্রেফতার

News Desk

চট্টগ্রাম ১৩ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩

News Desk

রাজধানীতে এনসিপির মশাল মিছিল

News Desk
Translate »