BRS TIMES
সারাদেশ

সুন্দরবনে অস্ত্রসহ ‘মেজ জাহাঙ্গীর’ আটক

সুন্দরবনে অস্ত্রসহ ‘মেজ জাহাঙ্গীর’ আটক
সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধান মোঃ জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় সব বনদস্যুর বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় চতুর্থ বারের মতো ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ এর আওতায় অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান মোঃ জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, দাকোপ থানাধীন সুন্দরবনের শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন কালীর খাল এলাকায় সে অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ১২ মে ২০২৬ মঙ্গলবার দিবাগত রাত ১টায় কোস্ট গার্ড বেইস মোংলা ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে তাকে ২টি একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজসহ আটক করা হয়।

আটক মোঃ জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরের বয়স ৫৬ বছর। তিনি নড়াইল জেলার নড়াগাতী থানার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি এ বাহিনীর প্রধান হিসেবে সুন্দরবনে ডাকাতি এবং সাধারণ জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিলেন বলে জানিয়েছে কোস্ট গার্ড।

জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

Related posts

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে

brs@admin

নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতা গ্রেফতার

News Desk

তজুমদ্দিনে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

News Desk

তিস্তা সেতু রক্ষা বাঁধের ভাঙন পরিদর্শনে এলজিইডি

News Desk

রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন

News Desk

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন দগ্ধ

News Desk
Translate »