33.1 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতজাতীয়প্রচ্ছদশিরোনাম

আজ চানখারপুলে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়

চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালীন রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করা হবে আজ।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করবেন। আলোচিত এ রায়টি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ গুলি চালায়। এতে শাহরিয়ার খান আনাস, শেখ মাহদী হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক শহীদ হন। এই হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।

গত ১১ আগস্ট চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সূচনা বক্তব্য উপস্থাপন শেষে এই মামলার প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন শহীদ আনাসের বাবা সাহরিয়ার খান পলাশ। এরপর শহীদ আনাসের মা ও নানাসহ মোট ২৬ জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন করা হয়।

এই মামলায় বর্তমানে চারজন আসামি গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন— শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশেদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।

অন্যদিকে, মামলায় পলাতক রয়েছেন আরও চার আসামি। তারা হলেন— ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহ আলম মো. আখতারুল ইসলাম ও সাবেক সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ ইমরুল।

ট্রাইব্যুনালে আসামি ইমাজ হোসেন ইমনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. জিয়াউর রশিদ এবং পলাতক চার আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে ছিলেন কুতুবউদ্দিন আহমেদ।

প্রসিকিউশনের পক্ষে শুনানি পরিচালনা করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। তাকে সহযোগিতা করেন প্রসিকিউটর সহিদুল ইসলাম ও আবদুল্লাহ আল নোমানসহ অন্যান্যরা।
বিআরএসটি/এসএস

Related posts

শাকিব খানকে নিয়ে মন্তব্যে বিতর্ক, ব্যাখ্যা দিলেন জাহিদ হাসান

brs@admin

শিক্ষা ভবনে প্রবেশে কড়াকড়ি আরোপ

brs@admin

দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন প্রধানমন্ত্রীর

News Desk

ডাকসুর জিএস প্রার্থী ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট

News Desk

ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৫৩ হাজার ছাড়াল

brs@admin

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

brs@admin
Translate »