ঢাকা ছাড়ার আগে রাতের শহরটাকে কাছ থেকে দেখতে গাড়ির বদলে রিকশা বেছে নিলেন রোমানিয়ান পপ গায়িকা ওটিলিয়া। শনিবার রাতে গুলশানের বিভিন্ন সড়কে রিকশায় ঘুরে বেড়ান বিলিয়নেরা খ্যাত এই গায়িকা। কয়েক ঘণ্টা পরই ভোর চারটার ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ই-মেকার্সের নাইম আশরাফ। আলোঝলমলে সড়ক, রাস্তার দুই পাশের ভবন আর রাতের ঢাকার পরিবেশ মিলিয়ে এই রিকশাভ্রমণ তার এবারের বাংলাদেশ সফরে যোগ করেছে অন্য রকম এক অভিজ্ঞতা।
রিকশায় রাতের গুলশান ভ্রমণে ওটিলিয়া
রিকশায় চড়ার আগে বাংলাদেশ সফরের অনুভূতি জানান ওটিলিয়া। তিনি বলেন, দারুণ একটি অনুষ্ঠান শেষে দেশে ফিরতে ভালো লাগছে। আবারও বাংলাদেশে আসতে চান তিনি। এ দেশের মানুষের ভালোবাসা তার অনেক দিন মনে থাকবে। রিকশায় বসেও ভক্তদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের সবাইকে অনেক মিস করব, রিকশায় চড়াও মিস করব।
চার বছর পর এবার বাংলাদেশে এসেছেন ওটিলিয়া; এর আগে ২০২২ সালে ঢাকায় এসেছিলেন তিনি। এবারের সফরের উপলক্ষ ছিল ওটিলিয়া রিটার্নস: বিলিয়নেরা লাইভ ইন ঢাকা শিরোনামের কনসার্ট। ২৭ নভেম্বর রাজধানীর মাদানী অ্যাভিনিউর কোর্টসাইডে অনুষ্ঠিত এই কনসার্টে তার সঙ্গে গান পরিবেশন করেন ফুয়াদ আল মুক্তাদির ও তার ব্যান্ড ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস এবং লেভেল ফাইভ।

