দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদীদের লালন করার কারণে আজ তারা আবার ফিরে আসার পাঁয়তারা করছে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এসব কথা বলেন তিনি। বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো শিরোনামে আয়োজিত এই মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাকসু), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাকসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চাকসু) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জকসু) ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিরা।
জামায়াত আমির আরও যা বললেন
শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থান পর্যন্ত বর্তমান ক্ষমতাসীন দল ও জামায়াতের জাতির প্রতি অঙ্গীকার ও বক্তব্য এক ছিল। তবে ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছে। একটি রাজনৈতিক পক্ষ এসব থেকে সরতেই পারছে না। এসবের নিন্দা ও প্রতিবাদ তারা বারবার জানিয়েছেন বলেও জানান তিনি।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, গণভোট অনুষ্ঠিত হয়েছিল রাষ্ট্র সংস্কারের জন্য, পরিচালনার জন্য নয়। তবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর ক্ষমতাসীন দল গণভোটকে অস্বীকার করার মধ্য দিয়েই সংকট তৈরি হয়েছে। একদিকে এই সংকট তৈরি করা, অন্যদিকে ফ্যাসিবাদীদের লালন করার কারণে আজ ফ্যাসিবাদীরা আবার ফিরে আসার পাঁয়তারা করছে। যুবসমাজ কোনো ফ্যাসিবাদকে বাংলার জমিনে আসতে বা বসতে দেবে না বলেও মন্তব্য করেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, মাদক, অস্ত্র, কিশোর গ্যাং ও আইনশৃঙ্খলার অবনতিতে মানুষ অতিষ্ঠ। এর মধ্যে নির্বাচিত ছাত্রপ্রতিনিধিরা ক্যাম্পাসে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে এনেছেন এবং শিক্ষার পরিবেশ নিশ্চিত করেছেন।

