BRS TIMES
মক্কা চুক্তির প্রতিশ্রুতি রক্ষায় কঠিন পরীক্ষায় পাকিস্তান
আন্তর্জাতিকপ্রচ্ছদ

মক্কা চুক্তির প্রতিশ্রুতি রক্ষায় কঠিন পরীক্ষায় পাকিস্তান

মক্কা প্রতিরক্ষা জোটের তিন সদস্য সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীরা শুক্রবার ইসলামাবাদে বৈঠকে বসেছেন। গত ৭ আগস্ট সই হওয়া মক্কা চুক্তি অনুযায়ী তিন দেশের কোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে তা বাকি দুই দেশের ওপরও হামলা হিসেবে বিবেচিত হবে। কিন্তু সৌদি আরবে হুতি হামলা অব্যাহত থাকলেও পাকিস্তান সরাসরি প্রতিরোধে এগিয়ে না আসায় চুক্তির প্রতিশ্রুতি কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

দুই দিনের এই বৈঠক চুক্তি সইয়ের পর তিন দেশের তৃতীয় বৈঠক। এতে অংশ নিচ্ছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। বৈঠকে চুক্তি বাস্তবায়নের কাঠামো ও যৌথ প্রতিরক্ষার কার্যপদ্ধতি চূড়ান্ত করার কথা রয়েছে। শনিবার শেষ দিনের আলোচনা হওয়ার কথা।

মক্কা চুক্তি নিয়ে যত জটিলতা

এএফপিকে খাজা আসিফ বলেন, চুক্তি অনুযায়ী সৌদি আরবের জন্য যেকোনো হুমকি পাকিস্তান ও তুরস্কের জন্যও হুমকি, বিষয়টি একেবারেই স্পষ্ট। তবে তিনি স্বীকার করেছেন, চুক্তিটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং সবকিছু গুছিয়ে আনতে আরও কয়েক মাস লাগতে পারে।

কিন্তু বাস্তবে সৌদি আরব হুতিদের হামলায় আক্রান্ত হওয়ার পরও পাকিস্তান ও তুরস্ক সরাসরি প্রতিরোধে এগিয়ে আসেনি। গত ৯ অক্টোবর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান স্পষ্ট করে বলেন, সৌদি আরবে অবস্থানরত পাকিস্তানি সেনারা হুতিদের ওপর হামলা চালাতে ইয়েমেনে প্রবেশ করবে না। পাকিস্তান চুক্তিটিকে সম্পূর্ণ প্রতিরক্ষামূলক বলেই বর্ণনা করে আসছে।

হামলার চিত্রও ভয়াবহ। গত ২৩ সেপ্টেম্বর থেকে সৌদি আরবে হুতিদের সন্দেহভাজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। ২৪ নভেম্বর সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, হুতি হামলায় রিয়াদের একটি সুউচ্চ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছেন ১১ জন। রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এখানেই পাকিস্তানের আসল দ্বিধা। রিয়াদের কিং ফয়সাল সেন্টারের গবেষক উমের করিম মনে করেন, পাকিস্তানের বর্তমান অবস্থান সৌদি আরবের প্রত্যাশা পূরণে যথেষ্ট নয়। আবার হুতিদের বিরুদ্ধে পাকিস্তান যত বেশি সামরিকভাবে জড়িয়ে পড়বে, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে ইসলামাবাদের ভূমিকা তত দুর্বল হবে। কারণ, হুতিদের প্রধান সমর্থক ইরান, আর সৌদি-ইরান মধ্যস্থতার চেষ্টাও এতে বাধাগ্রস্ত হতে পারে।

এদিকে তুরস্ক চুক্তিটি অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করেছে। শুক্রবার দেশটির সরকারি গেজেটে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের অনুমোদন প্রকাশিত হয়; এর আগে ৫ নভেম্বর তুরস্কের পার্লামেন্ট চুক্তিটি অনুমোদন করে। তবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ২১ নভেম্বর জানিয়েছেন, ইয়েমেনে সেনা মোতায়েনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, যদিও সৌদি আরবকে প্রতিরক্ষা সহায়তা দেওয়া হচ্ছে।

Related posts

স্বপ্ন না দেখলে বাস্তবায়ন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা

brs@admin

ব্যাংক খাতে নতুন মুদ্রানীতিতে সুশাসনসহ সংস্কার কার্যক্রমে জোর

brs@admin

নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক : সিইসি

News Desk

প্রজ্ঞাপনে বদলে গেল কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নাম

rahman himel

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ১৯৯ জন আটক

News Desk

রাতে ভোট করে সরকারি কর্মকর্তা ও পুলিশ তাদের সুনাম নষ্ট করেছে : সিইসি

brs@admin