BRS TIMES
হাসিনার ১৬ ডিসেম্বরে ফেরা নিয়ে যা বলল ভারত
আন্তর্জাতিকজাতীয়প্রচ্ছদরাজনীতি

হাসিনার ১৬ ডিসেম্বরে ফেরা নিয়ে যা বলল ভারত

শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা এবং তাঁকে প্রত্যর্পণে ঢাকার অনুরোধ এক বিষয় নয় বলে জানিয়েছে ভারত। বুধবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এই দুটি সম্পূর্ণ আলাদা বিষয়।

প্রশ্নোত্তরে জয়সওয়াল বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধটি ভারতের প্রতিষ্ঠিত প্রক্রিয়ার আওতায় বিবেচনা করে দেখা হচ্ছে। অন্য বিষয়টি হলো, একজন নাগরিক প্রয়োজনীয় ভ্রমণ নথি নিয়ে স্বেচ্ছায় তাঁর দেশে ফিরে যেতে চাইছেন, যা প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা। দেশে ফেরার ক্ষেত্রে কী ধরনের ভ্রমণ নথি থাকবে, সেটিও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

১৬ ডিসেম্বরে ফেরা নিয়ে জয়সওয়ালের বক্তব্য

হাসিনার ফেরার বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, এটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং সে দেশের বর্তমান সরকারের বিষয়, এখানে ভারতের কিছু করার নেই। সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে তিনি একই অবস্থান পুনর্ব্যক্ত করেন।

এর আগে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা করছেন। তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর ভাষ্য, ভ্রমণ নথির জন্য আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করেছেন হাসিনা, পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে দিল্লি থেকে তাঁর দেশে ফেরার ব্যবস্থা করার আহ্বানও জানিয়েছেন।

এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শেখ হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি, তাঁকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীই ফিরতে হবে। দেশে প্রবেশের সঙ্গে সঙ্গেই তাঁকে গ্রেপ্তার করা হবে বলেও জানানো হয়েছে। এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান।

গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা, তখন থেকে সেখানেই রয়েছেন তিনি। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাঁকে মৃত্যুদণ্ড দেন। তাঁকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকার বারবার ভারতকে অনুরোধ জানিয়ে আসছে।

Related posts

ইতালির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা

News Desk

জাতীয় স্বার্থে যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে : জামায়াত আমির

News Desk

জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে গেলেন প্রধানমন্ত্রী

rahman himel

জাতিসংঘ অধিবেশন শেষে ঢাকার পথে প্রধান উপদেষ্টা

News Desk

৬০০ স্থানে অ্যালকোহল বিক্রির অনুমোদন দেবে সৌদি সরকার

brs@admin

ভারতের কড়া সমালোচনায় শহীদ আফ্রিদি

brs@admin