পার্বত্য চট্টগ্রাম চুক্তির ৭০ থেকে ৭৫ শতাংশ ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরি। তিনি বলেছেন, চুক্তির অবশিষ্ট শর্ত বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করছে, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন একটি চলমান প্রক্রিয়া।
বৃহস্পতিবার রাঙামাটিতে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পার্বত্যমন্ত্রী। বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর রাঙামাটি জেলায় এটিই তাঁর প্রথম সফর।
পার্বত্য চুক্তির বাকি শর্ত নিয়ে যা বললেন মন্ত্রী
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমা আশরাফী। এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান, পুলিশ সুপার আব্দুর রকিবসহ বিভিন্ন দপ্তরের প্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
পার্বত্যমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়িত না হওয়ার দায় বিগত সরকারের। ১৯৯৭ সালে যে সরকার এই চুক্তিতে স্বাক্ষর করেছিল, তারাই পরবর্তী দীর্ঘ সময় ক্ষমতায় ছিল।
কিন্তু ওই সময়ে চুক্তির বাকি বিষয়গুলো কেন বাস্তবায়িত হয়নি, তা নিয়ে প্রশ্ন রয়েছে। মতের পার্থক্য থাকলেও চুক্তির বাকি বিষয়গুলো বাস্তবায়নে বর্তমান সরকার আন্তরিক বলে জানান তিনি।
পার্বত্য চট্টগ্রামে পর্যটনের প্রসারে একটি সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে বলে জানান মন্ত্রী। এর মাধ্যমে পাহাড়ের সঙ্গে সমুদ্রের সংযোগ স্থাপন করা হবে। পর্যটকেরা যেন পার্বত্য অঞ্চল ও এর পার্শ্ববর্তী জেলাগুলোতে চার থেকে পাঁচ দিন সময় কাটাতে পারেন, সে লক্ষ্যেই এই পরিকল্পনা নেওয়া হচ্ছে।
পাহাড়ের পানি সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রাকৃতিক উৎসের ওপরই পাহাড়ি মানুষের জীবন-জীবিকা নির্ভরশীল। পানি সংকট নিরসনে স্থানীয় ও ঐতিহ্যগত জ্ঞানকে কাজে লাগিয়ে বনভূমি পুনরুদ্ধার করা হবে, পাশাপাশি নির্বিচারে গাছ ও পাহাড় কাটা বন্ধ এবং পাথর উত্তোলন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এ অঞ্চলের সব ঝিরি ও ঝরনা চিহ্নিত করে নিরাপদ পানির উৎস সংরক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

