নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও নাট্যকার মামুনুর রশীদ। চার দিন ধরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার মধ্যরাতে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে ল্যাবএইড হাসপাতালে মামুনুর রশীদের শারীরিক অবস্থা নিয়ে মেডিকেল বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পরিবারের সদস্যরা জানতে পারেন, তার অবস্থা সংকটাপন্ন। এরপর পারিবারিকভাবে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। অভিনেতার ছোট ভাই রশিদ আমিন হাসপাতাল পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামুনুর রশীদের শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল
পরিবারের সদস্যরা জানিয়েছেন, বর্তমানে মামুনুর রশীদের শরীরে অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে। গত সোমবার হাসপাতালে ভর্তি করা হয় তাকে, পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান তিনি নিউমোনিয়ায় আক্রান্ত। অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল।
এর আগেও গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছিল এই বরেণ্য শিল্পীকে। ২০২৫ সালের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে উড়োজাহাজে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সেখানে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। ছয় দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।
দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে চলতি বছরের ১৪ জানুয়ারি দেশে ফেরেন মামুনুর রশীদ, এরপর আবার অভিনয়েও ফিরেছিলেন। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের এই বরেণ্য শিল্পীর অসুস্থতার খবরে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে, অনেকেই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

