জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ ‐ এই প্রতিপাদ্য নিয়ে এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজন করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, সম্ভাবনা ও রপ্তানি সক্ষমতা তুলে ধরতেই এই আয়োজন।
প্রাণিসম্পদ সপ্তাহে যা যা থাকছে
উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে আটটি স্বর্ণ ও ১৫টি রৌপ্যপদক রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। জাতীয় সংগীত পরিবেশন ও ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে প্রাণিসম্পদ খাতের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
সপ্তাহ উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মেলায় রয়েছে ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন, যেখানে খামারি ও উদ্যোক্তারা তাদের পণ্য ও প্রযুক্তি তুলে ধরছেন।
আজ থেকে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হবে।

