BRS TIMES
ওসমান হাদির শাহাদাত বার্ষিকীতে ইনকিলাব মঞ্চের কর্মসূচি
জাতীয়প্রচ্ছদরাজনীতি

ওসমান হাদির শাহাদাত বার্ষিকীতে ইনকিলাব মঞ্চের কর্মসূচি

শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে ডিসেম্বর মাসজুড়ে টানা কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। শাহাদাতবার্ষিকী সামনে রেখে ১ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি; শেষ দিনে ঢাকায় অনুষ্ঠিত হবে সর্বদলীয় শহীদি সমাবেশ। বুধবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মতবিনিময় সভায় কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ১ থেকে ৩ ডিসেম্বর সারা দেশে গ্রাফিতি অঙ্কন ও পোস্টারিং, ৪ ডিসেম্বর মসজিদে মসজিদে মিলাদ মাহফিল, ৬ ডিসেম্বর ক্যাম্পাসে স্মরণসভা, ৭ ডিসেম্বর এতিম ও পথশিশুদের নিয়ে আয়োজন এবং ৮ ডিসেম্বর সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প। ৯ ডিসেম্বর রাজনৈতিক দল ও জুলাইয়ের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা করবে সংগঠনটি।

ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে যা যা আছে

১১ ডিসেম্বর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে বের হবে কফিন মিছিল; ১২ ডিসেম্বর ঘটনাস্থলে উদ্বোধন করা হবে স্মৃতিফলক। ১৩ থেকে ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ওসমান হাদী ফেস্ট, ১৬ ডিসেম্বর বিজয় র‍্যালি ও সার্বভৌমত্বের শপথ এবং ১৭ ডিসেম্বর স্মরণের রাত। ১৮ ডিসেম্বর দেশব্যাপী মসজিদ থেকে বিক্ষোভ মিছিল এবং ঢাকায় সর্বদলীয় শহীদি সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে কর্মসূচি।

মতবিনিময় সভায় ফাতিমা তাসনিম জুমা বলেন, হাদি হত্যার তদন্ত কতটুকু এগিয়েছে, তার দৃশ্যমান প্রমাণ ১৮ ডিসেম্বরের মধ্যে সরকারকে দেখাতে হবে। এক মাসের মার্চ ফর ইনসাফ কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বিচারের দাবিতে মানুষের আবেগ ও আগ্রহ দেখে তাঁরা অনুপ্রাণিত হয়েছেন বলেও জানান তিনি। তাঁর হুঁশিয়ারি, এবার আহ্বায়ক ও সদস্যসচিবকে বুঝিয়ে ঘরে ফেরানো যাবে না; ১৮ ডিসেম্বর থেকে কী হবে, সে সিদ্ধান্ত নেবে জনগণ। তিনি আরও বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করে ক্ষমতায় এসেছে; পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যাসহ সব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সংগঠনটি রাজপথে থাকবে। ১৮ ডিসেম্বরের কর্মসূচি কোনো রাজনৈতিক দলকে মোকাবিলা করার জন্য নয়; এর মাধ্যমে সরকারকে জনগণের সাংবিধানিক ও নৈতিক অধিকার রক্ষার কথা স্মরণ করিয়ে দেওয়া হবে। সভায় আরও বক্তব্য দেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফজলে রাব্বি সরকার; সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম।

Related posts

এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান

News Desk

আবারও পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ

News Desk

ছাত্রলীগের পদের জন্য সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ

News Desk

উত্তর আটলান্টিকে রাশিয়ার তেলের ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

News Desk

নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয় : প্রধানমন্ত্রী

News Desk

ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি

News Desk