পিরোজপুরের বেকুটিয়া সেতুতে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে শান্ত নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের বাসিন্দা। আহতরা হলেন, কাউখালী উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মাহফুজ, কাউখালী উপজেলার বাসিন্দা সাজিদ। আহত অপর দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে দুটি মোটরসাইকেল ও পাঁচজন আরোহীকে সড়কে পড়ে থাকতে দেখেন তাঁরা।
এ সময় পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত অবস্থায় পান। আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।




