BRS TIMES
নতুন যুদ্ধের আশঙ্কা ‐ ইরানে হামলা নিয়ে বিভক্ত ওয়াশিংটন
আন্তর্জাতিকপ্রচ্ছদ

নতুন যুদ্ধের আশঙ্কা ‐ ইরানে হামলা নিয়ে বিভক্ত ওয়াশিংটন

ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর কথা বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটনকে চার থেকে সাত দিনব্যাপী যৌথ বিমান হামলায় অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছেন। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত পুনর্গঠনে অগ্রগতি অর্জন করেছে বলে দাবি করছেন ইসরাইলি গোয়েন্দারা। দেশটির রাসায়নিক ও জীবাণু অস্ত্র কর্মসূচির অগ্রগতি নিয়েও সতর্ক করেছে ইসরাইল। এসব তথ্যের ভিত্তিতেই নতুন সামরিক পদক্ষেপের সম্ভাবনা খতিয়ে দেখছেন ট্রাম্প।

ইরানে হামলা নিয়ে যত আলোচনা

তবে নেতানিয়াহু ট্রাম্পকে হামলায় অংশ নিতে চাপ দিয়েছেন, এমন বক্তব্যের সঙ্গে দ্বিমত জানিয়েছেন ইসরাইলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। নেতানিয়াহুর মুখপাত্র বলেছেন, তিনি সব সময় ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিকেই গুরুত্ব দিয়ে আসছেন। এদিকে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গফম্যান সম্প্রতি ওয়াশিংটন সফরে নতুন অভিযানের পক্ষে তদবির করেছেন।

অন্যদিকে ইসরাইলের সামরিক গোয়েন্দারা নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন, ইরানে হামলা হলে লেবানন, সিরিয়া ও গাজাসহ একাধিক ফ্রন্টে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। অভিযান তিন থেকে পাঁচ দিনে সীমাবদ্ধ থাকবে, এমন ধারণার সঙ্গেও একমত নন তাঁরা। নেতানিয়াহু অবশ্য মন্ত্রী ও নিরাপত্তা কর্মকর্তাদের বলেছেন, ইরানের বিরুদ্ধে অভিযান অনিবার্য।

ট্রাম্প প্রশাসনের ভেতরেও এ নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছে। গোয়েন্দা তথ্যের নির্ভরযোগ্যতা ও নতুন হামলার প্রয়োজনীয়তা নিয়ে কর্মকর্তাদের মধ্যে ভিন্নমত রয়েছে। প্রশাসনের একাংশ মনে করছে, নতুন অভিযানের মতো পর্যাপ্ত হুমকি এখনো তৈরি হয়নি। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর নতুন যুদ্ধের রাজনৈতিক প্রভাব নিয়েও উদ্বেগ রয়েছে।

ট্রাম্প বলেছেন, ইরান নিয়ে সিদ্ধান্ত নিতে তিনি তাড়াহুড়া করছেন না, নতুন বছরের শুরুর পর বিষয়টি দেখবেন। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, পারমাণবিক কর্মসূচিতে বাধা পেয়ে ইরান রাসায়নিক ও জীবাণু অস্ত্রের কথা ভাবছে। তেহরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেছেন, তিনি দীর্ঘস্থায়ী সমঝোতা চান। সম্ভাব্য হামলার লক্ষ্য হতে পারে ইরানের ক্ষেপণাস্ত্রভাণ্ডার ও জ্বালানি অবকাঠামো।

Related posts

যুক্তরাজ্যে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ

brs@admin

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম ‘যুদ্ধ মন্ত্রণালয়’ করলেন ট্রাম্প

News Desk

ইরানে হামলায় সহায়তার জন্য ট্রাম্পের সমালোচনা করলেন সাংবাদিক টাকার কার্লসন

brs@admin

ভোলার সকল রুটে নৌ চলাচল শুরু

brs@admin

১৫ বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ প্রধান উপদেষ্টার

News Desk

মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান

News Desk