ইরানের কঠোর হুঁশিয়ারির তোয়াক্কা না করে যুক্তরাষ্ট্র-সমর্থিত ট্রাম্প রুট (টিআরআইপিপি) চালুর ঘোষণা দিয়েছে আর্মেনিয়া। প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান জানিয়েছেন, সোমবারই আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির যাত্রা শুরুর ঘোষণা দেওয়া হবে। এই করিডোর যাবে ইরান সীমান্তঘেঁষা আর্মেনিয়ার দক্ষিণের সিউনিক প্রদেশ দিয়ে।
ইয়েরেভানের ডিজিটেক সম্মেলনে পাশিনিয়ান বলেন, ট্রাম্প রুট চালু হলে আঞ্চলিক জ্বালানি সংযোগে নতুন মাত্রা যোগ হবে। আর্মেনিয়ার বিদ্যুৎ গ্রিড তুরস্ক ও আজারবাইজানের গ্রিডের সঙ্গে যুক্ত করা হবে; জ্বালানি ও বিদ্যুৎ ট্রানজিট হবে এই প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ।
ট্রাম্প করিডোর নিয়ে ইরানের আপত্তি
প্রকল্পটি নিয়ে সবচেয়ে কঠোর অবস্থান ইরানের। দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা আলি আকবর ভেলায়াতি ৫ নভেম্বর ইত্তেলাআত পত্রিকায় লেখা এক নিবন্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন, আর্মেনিয়ার রাষ্ট্রদূতকে তিনি স্পষ্ট করে বলেছেন ‐ ট্রাম্প ও তাঁর মিত্ররা ইরানের এই লাল রেখা অতিক্রম করতে চাইলে তাঁদের পা ভেঙে দেওয়া হবে। রাশিয়া পাশে থাকুক বা না থাকুক, দক্ষিণ ককেশাসে নিজের নিরাপত্তা স্বার্থ রক্ষা করবে তেহরান বলেও জানান তিনি।
প্রায় ৪২ কিলোমিটার দীর্ঘ এই করিডোর দিয়ে আজারবাইজানের মূল ভূখণ্ড যুক্ত হবে তার ছিটমহল নাখচিভানের সঙ্গে; পথে থাকবে সড়ক, রেলপথ, বিদ্যুৎ সঞ্চালন লাইন ও ফাইবার অপটিক কেবল। এগিয়ে গেলে তুরস্কের সঙ্গেও সরাসরি যোগাযোগ গড়ে উঠবে। প্রকল্প বাস্তবায়নকারী যৌথ কোম্পানিতে যুক্তরাষ্ট্রের অংশ ৭৪ শতাংশ, আর্মেনিয়ার ২৬ শতাংশ।
প্রকল্পের ভিত্তি ২০২৫ সালের ৮ আগস্ট ওয়াশিংটনে সই হওয়া ঘোষণা, যেখানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পাশিনিয়ান ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। গত ২৮ অক্টোবর আর্মেনিয়ার পার্লামেন্ট কাঠামো চুক্তিটি অনুমোদন করে (৬৩-৩২ ভোটে) এবং ১২ নভেম্বর রাষ্ট্রপতি তাতে সই করেন।
ইরানের আশঙ্কা, এই করিডোর চালু হলে আর্মেনিয়ার সঙ্গে তার স্থল যোগাযোগ দুর্বল হবে এবং সীমান্তের কাছে মার্কিন উপস্থিতি বাড়বে। আর্মেনিয়া সরকার বলছে, রুটটি তাদের পূর্ণ সার্বভৌম নিয়ন্ত্রণেই থাকবে; কোনো ভূখণ্ড ছাড় বা সীমান্ত পরিবর্তনের প্রশ্ন নেই।




