BRS TIMES
যুদ্ধবিরতির মাঝেও গাজায় হামলা ‐ নিহত ২ ফিলিস্তিনি
আন্তর্জাতিকপ্রচ্ছদ

যুদ্ধবিরতির মাঝেও গাজায় হামলা ‐ নিহত ২ ফিলিস্তিনি

যুদ্ধবিরতি চললেও গাজায় ইসরায়েলি হামলা থামেনি। রবিবার ভোরে দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে দুই ফিলিস্তিনি নিহত ও তিনজন আহত হয়েছেন। একই দিন উপত্যকার নানা এলাকায় গুলিবর্ষণ ও স্থাপনা ধ্বংসের ঘটনাও ঘটেছে।

খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্স জানিয়েছে, আল-মাওয়াসিতে গোলাবর্ষণে গুরুতর আহত দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ফিলিস্তিনি সংবাদ সংস্থা শেহাব জানিয়েছে, নিহতরা হলেন বিলাল ইউসুফ আল-সামহুরি ও ৩৫ বছর বয়সী নিদাল খালেদ হাসান আল-শরিফ। আল-মাওয়াসি এলাকাটিকে ইসরায়েল মানবিক এলাকা হিসেবে ঘোষণা করে মানুষকে সেখানে সরে যেতে বললেও এলাকাটিতে বারবার হামলা হয়েছে।

গাজায় হামলায় নিহত দুজনের পরিচয়

এদিন উপত্যকার অন্যান্য এলাকাতেও ইসরায়েলি সামরিক তৎপরতা দেখা গেছে। খান ইউনিসের পূর্বাঞ্চলে সামরিক যান থেকে গুলি চালানো হয়েছে, তবে সেখানে হতাহতের খবর পাওয়া যায়নি। উত্তর গাজায় একটি এলাকায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজা সিটির উপকূলে ইসরায়েলি নৌবাহিনীর জাহাজ থেকে তীরের দিকে গুলি ছোড়া হয়েছে এবং মধ্য গাজায় হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের খবরও এসেছে।

এর আগের দিন শনিবার গাজা সিটিতে খাদ্য সরবরাহের একটি গাড়িতে ইসরায়েলি হামলায় তিনজন নিহত হন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, গাড়িটিতে ইসলামিক জিহাদের সদস্যরা ছিলেন। তবে ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের প্রতিষ্ঠাতা হোসে আন্দ্রেস বলেছেন, নিহতরা তার দলের কেউ নন এবং গাড়িটিও সংস্থাটির ছিল না।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় উপত্যকায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৭৩৬ জনে এবং আহত হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ১৯৪ জন। শুধু যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই নিহত হয়েছেন ১ হাজার ৬৭১ জন ফিলিস্তিনি।

২০২৫ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হয়। তবে চুক্তির পরও প্রায় প্রতিদিনই উপত্যকায় হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটছে। পাশাপাশি আশ্রয় উপকরণ, ভারী যন্ত্রপাতি ও চিকিৎসা সরঞ্জামসহ প্রয়োজনীয় সামগ্রী গাজায় ঢোকার ওপর ইসরায়েলের বিধিনিষেধও অব্যাহত রয়েছে, যাতে চতুর্থ শীত তাঁবুতে কাটাতে যাওয়া পরিবারগুলোর দুর্ভোগ আরও বেড়েছে।

Related posts

বগুড়া ও সিলেটে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ১৬

brs@admin

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

News Desk

রাজশাহীতে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

News Desk

বিবিএসের জরিপ, দেশে আরও বেকার বাড়ল ১ লাখ ৬০ হাজার

brs@admin

নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকে মিললো দুই শিশুর লাশ

brs@admin

এদেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন, আজহারীর প্রশ্ন

News Desk