BRS TIMES
মিস ইউনিভার্সের মঞ্চে লাল-সাদা শাড়িতে বাংলাদেশের মাহি
প্রচ্ছদবিনোদন

মিস ইউনিভার্সের মঞ্চে লাল-সাদা শাড়িতে বাংলাদেশের মাহি

ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোয় চলমান ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার ন্যাশনাল কস্টিউম পর্বে লাল-সাদা শাড়ি পরে মঞ্চে উঠলেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। কুমিল্লার খাদি কাপড়ে তৈরি শাড়ি আর পিঠে মাতৃত্বের গল্প বলা বৃত্তাকার শিল্পকর্মে তিনি তুলে ধরলেন মা ও মাতৃভূমিকে।

বাংলাদেশ সময় আজ (২২ নভেম্বর) ভোর পাঁচটায় এশিয়া-ওশেনিয়া গ্রুপে ন্যাশনাল কস্টিউম পর্বে মঞ্চে ওঠেন মাহি। তাঁর পোশাকের থিম মাতৃত্ব, ভালোবাসার এক সর্বজনীন বন্ধন। এর আগের দিন সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মাহি লিখেছিলেন, পৃথিবীর আলো দেখার আগেই যে ভালোবাসা আমাদের আগলে রাখে, তার নাম মা। আর যে মাটির বুকে আমরা বেড়ে উঠি, যে মাটি আমাদের দেয় শিকড় ও পরিচয়, তার নাম মাতৃভূমি।

মিস ইউনিভার্সে মাহির শাড়ির গল্প

মাহির শাড়িটি তৈরি হয়েছে কুমিল্লার খাদি কাপড়ে, নকশা করেছেন ডিজাইনার বিশ্বজিৎ মজুমদার। মোট ১৬ গজ সুতির খাদি কাপড় দিয়ে তৈরি শাড়িটি মঞ্চে হাঁটাচলার সুবিধার জন্য আগে থেকেই সেলাই করে পরার উপযোগী করে বানানো হয়েছে। শাড়ির পাড়ে কলকার আদলে শাপলা ফুলের নকশা ফুটিয়ে তোলা হয়েছে এমব্রয়ডারির মাধ্যমে, এ ছাড়া রয়েছে ব্লকপ্রিন্টের কাজ।

বিশ্বজিৎ জানান, শাড়িটি ডিজাইন করার জন্য মাত্র তিন দিন সময় পেয়েছিলেন তিনি। এর মধ্যে দুই দিনে তৈরি হয় পিঠের বৃত্তাকার শিল্পকর্মটি, আর শাড়ি তৈরি হয় মাত্র এক দিনে। কাঠ, ফোম, কাপড় ও শোলা দিয়ে নয়টি আলাদা অংশে তৈরি শিল্পকর্মটিতে তুলে ধরা হয়েছে এক নারীর শৈশব, ধীরে ধীরে মা হয়ে ওঠা এবং জীবনের শেষ বেলায় মেয়ের কোলে আশ্রয় নেওয়ার দৃশ্য ‐ প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা মমতার গল্প।

শাড়ির সঙ্গে মাহি পরেছিলেন সোনালি গয়না, যার নকশায় প্রাধান্য পেয়েছে বাংলার সাবেকি অলংকার। গয়নাগুলোর নকশা করেছেন ক্যানভাস ব্র্যান্ডের ডিজাইনার তন্বী কবির। মাহির পুরো সাজে যেন উঠে এসেছে বাংলাদেশেরই এক টুকরা প্রতিচ্ছবি।

অভিনয় ও মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু করা মাহি মাঝপথে অসুস্থতার কারণে বিরতি নিয়েছিলেন; পরে নাটকে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন। এবার নতুন পরিচয়ে আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করছেন তিনি। আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোতেই হবে এবারের আসরের গ্র্যান্ড ফিনালে।

Related posts

মুশফিকের চোটে ধাক্কা বাংলাদেশের, একাদশে তাওহীদ হৃদয়

News Desk

বাগেরহাটে অ্যাম্বুলেন্স থেকে তেল নামিয়ে বিক্রি

News Desk

মহার্ঘ ভাতা নয়, বিশেষ প্রণোদনা পাবেন সরকারি চাকরিজীবীরা

brs@admin

ট্রাম্প-পুতিন ফোনালাপের পর ইউক্রেনে ড্রোন নিক্ষেপ

brs@admin

বিএনপির ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র-জনতার অবস্থান

News Desk

রোববার থেকে সময় বাড়বে মেট্রোরেলের

News Desk