নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতাকে হত্যার জের ধরে উপজেলার বেন্দারচর গ্রামে সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চলা এই হামলায় পুড়ে গেছে বহু বাড়ি, গ্রামজুড়ে এখন থমথমে পরিস্থিতি ও চাপা আতঙ্ক।
গত বুধবার সন্ধ্যায় বেন্দারচর গ্রামের বটতলা এলাকায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটে। ওই হামলায় গুরুতর আহত কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম ও কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
বেন্দারচরে হামলা ও অগ্নিসংযোগ
ভুক্তভোগীদের অভিযোগ, শুক্রবার বিকেলে হঠাৎ করে শত শত লোক গ্রামে ঢুকে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি, সাবেক পৌর মেয়র মুশফিকুর রহমানসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িতে হামলা চালায়।
গ্রামের প্রায় ৫০টি বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয় বলে তাঁদের দাবি। বড় কালিয়া এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
তবে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যার আগে সাবেক সংসদ সদস্যের বাসাসহ কয়েকটি বাসা ও ১৫ থেকে ২০টি ঘর ভাঙচুর করা হয়েছে এবং পাঁচ থেকে ছয়টি ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কারা হামলা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ২০ থেকে ৩০টি বাড়িতে আগুন দেখতে পান।
শনিবার দুপুরে গ্রামটিতে গিয়ে দেখা যায়, পোড়া বাড়িগুলোর কোনো কোনোটি থেকে তখনও ধোঁয়া উঠছিল। ধ্বংসস্তূপের মধ্যে নারীরা অবশিষ্ট কিছু খুঁজছিলেন। গ্রামে পুরুষ ও তরুণদের প্রায় দেখাই মেলেনি; হামলার ভয়ে বুধবারের ঘটনার পর থেকেই তাঁরা বাড়ি ছেড়েছেন বলে জানান নারীরা।
এদিকে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিএনপি। কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান সাংবাদিকদের বলেন, বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিএনপি নেতাদের উপস্থিতিতে এসব ঘটনা ঘটেছে বলে যে প্রচার চলছে, তা কাল্পনিক।
নড়াইল জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে হামলার যে প্রচার ফেসবুকে চলছে, তা মিথ্যা ও বানোয়াট। গ্রামটিতে কোনো হিন্দু বসতি নেই। পুলিশের ভাষ্য, দুই নেতা হত্যাকাণ্ডে ক্ষুব্ধ স্বজনরা শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে গ্রামে একত্রিত হয়ে হত্যায় জড়িত বলে অভিযুক্ত কয়েকজনের বাড়িতে হামলা চালান। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।




