BRS TIMES
পুনঃভর্তি ফি বন্ধ ‐ বেসরকারি স্কুলে ভর্তিতে কঠোর নীতিমালা
জাতীয়প্রচ্ছদ

পুনঃভর্তি ফি বন্ধ ‐ বেসরকারি স্কুলে ভর্তিতে কঠোর নীতিমালা

২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে ভর্তির ক্ষেত্রে সরকার নির্ধারিত ফির বেশি অর্থ আদায় করা যাবে না। অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে। নীতিমালায় ভর্তি ফি, আবেদন ফরমের মূল্য ও সেশন চার্জের সর্বোচ্চ সীমা এলাকা ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নির্ধারণ করে দেওয়া হয়েছে।

পুনঃভর্তি ফি নেওয়া যাবে না

নীতিমালার সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা পুনঃভর্তি ফি নিষিদ্ধ করা। একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী শ্রেণিতে ওঠা শিক্ষার্থীদের কাছ থেকে কোনোভাবেই পুনঃভর্তি ফি আদায় করা যাবে না। তবে প্রতিবছর সেশন চার্জ নেওয়া যাবে।

সেশন চার্জসহ ভর্তি ফির সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে এলাকাভেদে। মফস্বল এলাকায় সর্বোচ্চ ৫০০ টাকা, উপজেলা পৌর এলাকায় ১ হাজার টাকা, জেলা সদর পৌর এলাকায় ২ হাজার টাকা এবং ঢাকা ছাড়া অন্যান্য মহানগরে ৩ হাজার টাকা নেওয়া যাবে।

ঢাকা মহানগরীর এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভর্তিতে সর্বোচ্চ ৫ হাজার টাকা আদায় করতে পারবে। আংশিক এমপিওভুক্ত ও এমপিওবহির্ভূত প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮ হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এই ফির মধ্যে মাসিক বেতন, সেশন চার্জ ও উন্নয়ন ফি অন্তর্ভুক্ত থাকবে; তবে উন্নয়ন ফির নামে ৩ হাজার টাকার বেশি আদায় করা যাবে না।

ভর্তির আবেদন ফরমের মূল্যও নির্ধারণ করে দিয়েছে মন্ত্রণালয়। অনলাইনে প্রথম শ্রেণির আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির ক্ষেত্রে সর্বোচ্চ ২৫০ টাকা। এমপিওভুক্ত, আংশিক এমপিওভুক্ত ও এমপিওবহির্ভূত সব প্রতিষ্ঠান আবেদন ফরম বাবদ সর্বোচ্চ ২০০ টাকা আদায় করতে পারবে।

নীতিমালায় দরিদ্র, মেধাবী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ভর্তির সময় নির্ধারিত ফি যথাসম্ভব মওকুফের ব্যবস্থা করতে বলা হয়েছে। পাশাপাশি বেতন ও টিউশন ফি বৃদ্ধির ক্ষেত্রে মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২৭ অক্টোবর জারি করা পরিপত্র অনুসরণ করতে হবে। আবেদন গ্রহণের শেষ সময় পার হওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষকে শ্রেণিভিত্তিক বিক্রি হওয়া ও জমা পড়া আবেদন ফরমের সংখ্যা নির্ধারিত ছকে ভর্তি কমিটির কাছে পাঠাতে হবে।

Related posts

টাঙ্গাইলে প্রাইভেটকার-ভ্যান সংঘর্ষে দুইজন নিহত

News Desk

রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন খায়রুল হক: মির্জা ফখরুল

News Desk

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭২৭

News Desk

ইয়েমেনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ১৪

News Desk

নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ হতে পারে ‘এআই’ : সিইসি

News Desk

বলিভিয়ায় সামরিকঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ – নিহত ১০

News Desk