ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা শহরের উত্তরে হার্থা তাপবিদ্যুৎকেন্দ্রে আগুন লেগে অন্তত চারজন নিহত হয়েছেন। শনিবার ভোরের এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আরও ৩০ জন; মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা।
ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএনএ জানিয়েছে, সিভিল ডিফেন্সের দল কেন্দ্রটির ভেতরে ও আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুন লাগার পর কেন্দ্রটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।
নিরাপত্তা মিডিয়া সেলের বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর ৬টার দিকে কেন্দ্রের ভেতরে আগুনের সূত্রপাত হয়। হতাহতদের বেশির ভাগই কেন্দ্রের পাশে অননুমোদিতভাবে গড়ে ওঠা বাড়ির বাসিন্দা; আহতদের দগ্ধ ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে নেওয়া হয়েছে।
বিদ্যুৎকেন্দ্রে আগুনে নিহত বাড়তে পারে
বসরা স্বাস্থ্য অধিদপ্তরের প্রাথমিক হিসাবে দুইজন নিহত ও ২৮ জন আহতের কথা জানানো হয়েছিল; পরে নিরাপত্তা কর্মকর্তারা নিহতের সংখ্যা চার ও আহতের সংখ্যা ৩০ বলে জানান। কোনো কোনো হিসাবে আহতের সংখ্যা ৩৫ বলেও উল্লেখ করা হয়েছে।
হার্থা কেন্দ্রটির স্থাপিত উৎপাদনক্ষমতা ৮০০ মেগাওয়াট; আগুন লাগার আগে কেন্দ্রটি প্রায় ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন।
আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

