BRS TIMES
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় পলাতক আকিব গ্রেপ্তার
জাতীয়প্রচ্ছদরাজনীতিসারাদেশ

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় পলাতক আকিব গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় এজাহারভুক্ত পলাতক আসামি সাজ্জাদ আকিবকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে ফেনীর ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আকিব নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গোপাল ইউনিয়ন শাখার সদস্য।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, সাজ্জাদ আকিবের বিরুদ্ধে ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। ভোররাতে অভিযান চালিয়ে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার আকিব লাঙ্গলমোড়া গ্রামের জসীম উদ্দীনের ছেলে।

২০১৭ সালের ২৮ অক্টোবর কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাওয়ার পথে ঢাকা‐চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জ এলাকায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় ছাগলনাইয়া উপজেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক সুলতান মোহাম্মদ সিকান্দার ভুট্টো বাদী হয়ে ২০২৪ সালের ১১ অক্টোবর ছাগলনাইয়া থানায় মামলা করেন। মামলায় ২৫১ জনকে আসামি করা হয়।

গাড়িবহরে হামলার মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার ৯৫ জন

মামলার অভিযোগে বলা হয়, রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাওয়ার পথে গাড়িবহরটি মুহুরীগঞ্জ এলাকায় পৌঁছালে হামলাকারীরা যানবাহনে ভাঙচুর চালায়। হামলার ঘটনার পর থেকেই মামলার অনেক আসামি পলাতক ছিলেন।

পুলিশ জানিয়েছে, এই মামলায় এ পর্যন্ত এজাহারভুক্ত ৯৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে একই মামলায় ছাগলনাইয়া পৌর যুবলীগের সভাপতি কাজী নুর আলমকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের দাবি, গ্রেপ্তার সাজ্জাদ আকিব এলাকায় বিভিন্ন অপতৎপরতার সঙ্গেও জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Related posts

আওয়ামী লীগকে মাফ করার প্রশ্নই উঠে না: দুদু

News Desk

এমবাপের জোড়া গোলে বার্সাকে হটিয়ে শীর্ষে রিয়াল

brs@admin

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের পিরোজপুর কমিটি গঠন

rahman himel

ইউক্রেনে এক হাজার সেনার মরদেহ ফেরত দিল রাশিয়া

News Desk

তিস্তা প্রকল্প: দেশে আসছে চীনের কারিগরি বিশেষজ্ঞ দল

News Desk

তরুণদের নিয়ে রাষ্ট্র পুনর্গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর

News Desk