পাকিস্তানের সঙ্গে যৌথ প্রযোজনার সিনেমা ও পাকিস্তানি নায়িকার সঙ্গে কাজের আগ্রহের কথা বলতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। পাকিস্তানের সিনেমা হল নিয়ে তাঁর দেওয়া পুরোনো পরিসংখ্যান বর্তমানের হিসাব হিসেবে চালিয়ে দেওয়ায় সমালোচনার মুখে পড়েছেন তিনি।
সম্প্রতি এক অনুষ্ঠানে শাকিব খান জানান, পাকিস্তানের সঙ্গে যৌথ প্রযোজনার একটি সিনেমায় কাজ করতে আগ্রহী তিনি। পাকিস্তানি কোনো নায়িকার সঙ্গে অভিনয়ের ইচ্ছার কথাও জানান তিনি।
ওই বক্তব্যে শাকিব দাবি করেন, পাকিস্তানে এখন ১ হাজার ২০০-এর বেশি সিনেমা হল চালু আছে এবং একটি হিট সিনেমা সেখানে ২০০ থেকে ৩০০ কোটি রুপি পর্যন্ত আয় করতে পারে। তাঁর এই পরিসংখ্যান ঘিরেই শুরু হয় বিতর্ক।
শাকিব খানের মন্তব্য ঘিরে বিতর্ক
কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। ২০২৪ সালের এপ্রিলে ডন পত্রিকার তথ্য অনুযায়ী, পাকিস্তানে চালু সিনেমা হল প্রায় ৬০টি, স্ক্রিন প্রায় ১৫০টি। আর ২০২৫ সালের মার্চে এক্সপ্রেস ট্রিবিউনের তথ্য বলছে, ২০১৮ সালের পর প্রায় ৪০ শতাংশ স্ক্রিন বন্ধ হয়ে বর্তমানে চালু স্ক্রিন প্রায় ১১৫টি।

জানা গেছে, শাকিবের উল্লেখ করা ১ হাজার ২০০ হলের পরিসংখ্যানটি আশির দশকের। ২০২১ সালে প্রকাশিত Pakistan: Here and Now গ্রন্থে ওই সময়ের চিত্র তুলে ধরা হয়েছিল। অর্থাৎ কয়েক দশক আগের পরিসংখ্যানকেই বর্তমানের হিসাব হিসেবে তুলে ধরেছেন তিনি।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে। তবে অনেকে তাঁর যৌথ প্রযোজনার আগ্রহকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, দুই দেশের যৌথ সিনেমা হলে দুই পাড়ের দর্শকই উপকৃত হবেন।
এদিকে শাকিব খানকে নিয়ে আসছে হিমেল আশরাফের পরিচালনায় মহব্বত, যেখানে তাঁর বিপরীতে থাকছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি। ছবিটি ২০২৭ সালের ঈদে মুক্তির কথা রয়েছে। এছাড়া ইধিকা পালের সঙ্গে নিঃস্ব নামে আরেকটি ছবিতেও অভিনয় করছেন তিনি।




