চট্টগ্রামের পটিয়ায় মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংবিরোধী সমাবেশে প্রধান মামলার আসামিকে মঞ্চে অতিথি হিসেবে বসিয়ে বক্তব্য দিয়েছেন থানার এক পুলিশ কর্মকর্তা। ওই আসামি নাজমুল হোসেন নসু ওয়ারেন্টভুক্ত পলাতক বলে জানা গেছে।
গত ৬ নভেম্বর পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যযুৎসু যশ চাকমার উদ্যোগে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে বসেছিলেন দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন নসু।
মামলার বিবরণে জানা গেছে, গত ৩১ আগস্ট মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের বাড়ি ভেঙে জমি দখলের অভিযোগ ওঠে। ওই ঘটনায় তাঁর ছেলে মিজানুর রহমানকে মারধর ও চাঁদাবাজির অভিযোগে মামলা হয়, যার প্রধান আসামি নাজমুল হোসেন।
পলাতক আসামি মঞ্চে, পাশে পুলিশ কর্মকর্তা
মামলায় নাজমুল ছয় সপ্তাহের উচ্চ আদালতের জামিন পেলেও নির্ধারিত সময়ে আদালতে হাজির হননি। ফলে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। বাদীপক্ষের আইনজীবী শাহিনা আক্তারের দাবি, জামিন নেওয়ার পর থেকে নাজমুল কখনো আদালতে হাজির হননি, অথচ তিনি এলাকাতেই ঘুরে বেড়াচ্ছেন।
বাদীর অভিযোগ, পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশ সহযোগিতা করছে না। অন্যদিকে নাজমুল হোসেন নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে হয়রানির দাবি করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে পরিদর্শক (তদন্ত) যযুৎসু যশ চাকমা কোনো মন্তব্য করতে রাজি হননি। পলাতক আসামির সঙ্গে একই মঞ্চে পুলিশ কর্মকর্তার উপস্থিতি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।




