BRS TIMES
প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো মেহেরপুর
জাতীয়প্রচ্ছদসারাদেশ

প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো মেহেরপুর

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী জেলা “মেহেরপুর”-কে সরাসরি জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি’র নবনির্মিত ১৩২ কেভি সঞ্চালন লাইন ও ১৩২/৩৩ কেভি জিআইএস গ্রিড উপকেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে এই গুরুত্বপূর্ণ অর্জন সাধিত হয়েছে।

ইতিপূর্বে পার্শ্ববর্তী কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলা থেকে ৩৩ কেভি বিতরণ লাইনের মাধ্যমে মেহেরপুরে বিদ্যুৎ সরবরাহ করা হতো। দীর্ঘ দূরত্বের বিতরণ ব্যবস্থার কারণে জেলায় প্রায়শই লো-ভোল্টেজসহ বিদ্যুৎ সরবরাহজনিত নানা সমস্যার সৃষ্টি হতো।

মেহেরপুর জেলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার আধুনিকায়ন, মানসম্মত ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং জাতীয় গ্রিডের সঞ্চালন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি গ্রহণ করে এক গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উদ্যোগ।

এ উদ্যোগের আওতায় মেহেরপুর সদর উপজেলার আলমপুর মৌজায় ৩.০০ একর জমির ওপর ২৪০ এমভিএ ক্ষমতাসম্পন্ন ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণ করা হয়েছে। পাশাপাশি তৈরি করা হয়েছে কুষ্টিয়া-মেহেরপুর ৪৮ কি.মি. দীর্ঘ ১৩২ কেভি সঞ্চালন লাইন।

মেহেরপুর জেলাকে যুক্ত করতে কুষ্টিয়া গ্রিড উপকেন্দ্রে দুটি ১৩২ কেভি বে-এক্সটেনশনও নির্মাণ করা হয়।

নবনির্মিত সঞ্চালন লাইন এবং গ্রিড উপকেন্দ্র যথাক্রমে গত ২৮ ও ২৯ অক্টোবর ২০২৬ তারিখে সফলভাবে চালু করা হয়। এর মধ্য দিয়ে মেহেরপুর জেলা প্রথমবারের মতো ১৩২ কেভি ভোল্টেজ লেভেলে সরাসরি জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে সংযুক্ত হয়ে যায়।

মেহেরপুর গ্রিড উপকেন্দ্রের আকাশচিত্র

এই অর্জনের ফলে মেহেরপুর জেলায় মানসম্মত, নির্ভরযোগ্য ও উন্নতমানের বিদ্যুৎ সরবরাহের পথ সুগম হওয়ার পাশাপাশি কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা গ্রিড উপকেন্দ্রের ওপর বিদ্যমান অতিরিক্ত লোডের চাপ ও ওভারলোডজনিত সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়েছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি দেশের বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ ও আধুনিকায়নের মাধ্যমে একটি নির্ভরযোগ্য, স্থিতিশীল ও টেকসই জাতীয় বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধ পরিকর।

Related posts

শেখ হাসিনা ও সাবেক তিন সিইসিসহ ১৯ জনের নামে মামলা করলো বিএনপি

brs@admin

শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের

News Desk

হাসনাত-সারজিসসহ এনসিপির ৫ নেতাকে শোকজ

News Desk

বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার

News Desk

যাত্রী নিয়ে মেঘনায় স্পিডবোট ডুবি

brs@admin

টেক্সাস এএন্ডএম বিশ্ববিদ্যালয়ের “Aggie Tigers” এর পাশে BRS Times

brs@admin