BRS TIMES
বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহী তুরস্ক
আন্তর্জাতিক

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহী তুরস্ক

জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব পণ্য উৎপাদনে বাংলাদেশের পাশে থাকতে চায় তুরস্ক। এ বিষয়ে সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ দেখিয়েছে দেশটি। তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূল ও প্রান্তিক এলাকার নারীদের স্বাস্থ্য সমস্যা মোকাবিলায় অভিজ্ঞতা ভাগ করে নিতে একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে পাঠাতে চান তিনি।

আন্তালিয়ায় কপ-৩১ জলবায়ু সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে বৈঠক করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সহধর্মিণী ও জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এমিনে এরদোয়ান।

মঙ্গলবার রাতে আন্তালিয়ার পাপিলন জিউগমা রিলাক্সারি হোটেলের কনফারেন্স-১ কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

তিনি জানান, সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের অংশগ্রহণের প্রথম দিনেই দুজনের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে দুই দেশের সম্ভাব্য সহযোগিতা এবং নারী ও শিশুদের ওপর এর ক্ষতিকর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

শামা ওবায়েদের ভাষ্য অনুযায়ী, জলবায়ুর নানা প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশের মানুষের ধৈর্য ও সামর্থ্যের প্রশংসা করেছেন এমিনে এরদোয়ান।

বর্জ্য থেকে জ্বালানি তৈরি, সৌরবিদ্যুৎ এবং পরিবেশবান্ধব নানা উদ্যোগে সহযোগিতার বিষয়েও আগ্রহ দেখিয়েছেন তিনি।

পাটজাত পণ্য, বিশেষ করে পচনশীল ও পরিবেশবান্ধব পণ্য প্লাস্টিকের বিকল্প হিসেবে তুরস্কসহ বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার বিষয়টিও বৈঠকে ওঠে। এ বিষয়ে তুরস্কের ফার্স্ট লেডি বিশেষ আগ্রহ দেখিয়েছেন বলে জানান প্রতিমন্ত্রী।

বাংলাদেশের নারী ও স্বাস্থ্য সুরক্ষা

ডা. জুবাইদা রহমান বৈঠকে বাংলাদেশের নারীর ক্ষমতায়ন ও স্বাস্থ্য সুরক্ষার কথা তুলে ধরেন। জলবায়ু পরিবর্তনের কারণে নারী ও শিশুদের স্বাস্থ্য ও সামাজিক জীবনে যেসব সমস্যা তৈরি হচ্ছে, সেগুলোর কথাও তিনি জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে সরকারের নেওয়া কর্মসূচি, বিশেষ করে বৃক্ষরোপণ ও খাল খননের কথা তুরস্কের ফার্স্ট লেডিকে জানান ডা. জুবাইদা রহমান।

এসব উদ্যোগের প্রশংসা করে এমিনে এরদোয়ান বলেন, জ্বালানি উৎপাদন, পাটজাত পণ্যের ব্যবহার ও রপ্তানি, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দুই দেশের মধ্যে সহযোগিতার অনেক সুযোগ রয়েছে।

রোহিঙ্গা সংকট নিয়েও বৈঠকে আলোচনা হয়। শামা ওবায়েদ জানান, ২০১৭ সালে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার সময় এমিনে এরদোয়ান বাংলাদেশ ও কক্সবাজারের রোহিঙ্গা শিবির ঘুরে দেখেছিলেন।

তুরস্ক সরকার দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে আসছে। প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের একমাত্র স্থায়ী সমাধান হলো তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন।

তবে প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি।

জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, উপকূলীয় এলাকার নারীরা প্রতিকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে প্রতিদিন নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন।

জলবায়ু পরিবর্তনের কারণে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি ও নারীদের স্বাস্থ্যঝুঁকির বিষয়গুলোও বৈঠকে তোলা হয়। এসব সমস্যা মোকাবিলায় তুরস্কের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে ভাগ করে নিতে চান এমিনে এরদোয়ান। এ লক্ষ্যে যে বিশেষজ্ঞ দল পাঠানো হবে, তারা বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করবে।

প্রান্তিক নারীদের স্বাস্থ্য সমস্যা মোকাবিলা ও মাতৃস্বাস্থ্য উন্নয়নে দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

ডা. জুবাইদা রহমান তুরস্কের ফার্স্ট লেডিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ২০১৭ সালের বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করে এমিনে এরদোয়ানও আবার বাংলাদেশে আসার আগ্রহের কথা জানান। সুবিধাজনক সময়ে শিগগিরই তিনি বাংলাদেশ সফর করবেন বলে আশা প্রকাশ করেছেন।

Related posts

ট্রাম্প-পুতিন ফোনালাপের পর ইউক্রেনে ড্রোন নিক্ষেপ

brs@admin

দক্ষিণ সুদান-উগান্ডা সীমান্তে সেনা সংঘর্ষ, ঘর ছাড়ছে হাজারো মানুষ

News Desk

হাসপাতালের মাতৃসদনে ভয়াবহ আগুন, পুড়ে মারা গেল ১৪ শিশু

News Desk

বাংলায় কথা বললেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায়

brs@admin

বিশ্ব সেরা বিমানবন্দর দক্ষিণ আফ্রিকার কেপটাউন

News Desk

ভারতে যখন হামলা করব তখন পুরো দুনিয়া দেখবে’: পাকিস্তানের হুঁশিয়ারি

brs@admin