ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজনেস ফ্যাকাল্টি ও কলা ভবন এলাকায় পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক গাড়িচালক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরপর এই দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম বিস্ফোরণটি ঘটে বিজনেস ফ্যাকাল্টি ভবন এলাকায়। ওপরের কোনো তলা থেকে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই বিস্ফোরণেই ওই গাড়িচালক আহত হন। প্রায় একই সময়ে কলা ভবনের পাশের শ্যাডো এলাকাতেও ওপর থেকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে।
ভরদুপুরে পরপর দুটি বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পাসের শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন বলেন, ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে প্রশাসন সব সময়ই সচেতন। মূলত আতঙ্ক ছড়ানোর জন্যই দুর্বৃত্তরা এসব করছে। প্রশাসন শক্ত হাতে এগুলো প্রতিহত করবে।
এদিকে, একই দিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় দেশীয় অস্ত্রসহ (চাপাতি) এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন প্রত্যক্ষদর্শীরা।
ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এমন ধারাবাহিক ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাজনিত উদ্বেগ আরও বেড়েছে।




