মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকার সাভারের আশুলিয়ায় সংঘর্ষ হয়েছে পোশাকশ্রমিক ও পুলিশের মধ্যে। এতে অন্তত দুজন শ্রমিক আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ করলে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
আশুলিয়ায় সংঘর্ষে আহত দুজন হাসপাতালে
সংঘর্ষে আহত দুজন হলেন স্টারলিং স্টাইলস লিমিটেডের ফিনিশিং অপারেটর আলমগীর হোসেন (৩০) ও একই কারখানার সুইং অপারেটর রাজিয়া বেগম (৪০)।
আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশীদ জানান, দুজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের শরীরের আঘাত রাবার বুলেটের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রাজিয়া বেগমের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আলমগীর হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।
তবে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, অবরোধকারীদের বুঝিয়ে সরাতে ব্যর্থ হয়ে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। রাবার বুলেট ব্যবহার করা হয়নি; কেউ আহত হয়ে থাকলে ইটপাটকেলের আঘাতে হয়েছেন।
উদ্ভূত পরিস্থিতিতে ২০টির মতো কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পুলিশ জানায়, সকালে অধিকাংশ কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিলেও কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বসে থাকেন।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন বলেন, মালিকপক্ষ দ্রুত মজুরি বোর্ডে প্রস্তাব দিলে শ্রমিকদের সন্দেহ অনেকটাই দূর হতো। শ্রমিকদের মধ্যে আস্থা তৈরি করা গেলে এ সমস্যার সমাধান সম্ভব।




