মালয়েশিয়াসহ সব শ্রমবাজারে কর্মী পাঠাতে সিন্ডিকেট বন্ধসহ প্রবাসী কর্মীদের সুরক্ষায় সাত দফা দাবি জানিয়েছে এবি পার্টি।
সোমবার রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও প্রবাসী কল্যাণ সম্পাদক রাজা গোলাম রাব্বানী।
সাত দফা দাবিতে যা যা রয়েছে
দাবিগুলোর মধ্যে রয়েছে, মালয়েশিয়াসহ সব শ্রমবাজারে সিন্ডিকেট ও অতিরিক্ত অভিবাসন ব্যয় বন্ধ করা এবং নিয়োগ ব্যয়ের পূর্ণ ও স্বচ্ছ হিসাব প্রকাশ করে অবৈধ অর্থ আদায় বন্ধ করা।
এ ছাড়া রাশিয়ার মতো ঝুঁকিপূর্ণ বাজারে নিয়োগদাতা, চুক্তি ও কাজের ধরন বিশেষভাবে যাচাই করা এবং বৈধ ইউরোপীয় চাকরি ও ভিসা থাকা কর্মীদের দ্রুত ও স্বচ্ছ বিএমইটি ছাড়পত্র দেওয়ার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে ইউরোপীয় ভিসা ও বায়োমেট্রিক সেবা বাংলাদেশে সম্প্রসারণে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার দাবিও তোলা হয়।
প্রতারিত, বেতনবঞ্চিত, পাসপোর্ট জব্দ বা পাচারের শিকার কর্মীদের দ্রুত আইনি সহায়তা ও কার্যকরভাবে দেশে ফেরানোর ব্যবস্থা এবং একটি একীভূত ডিজিটাল অভিযোগ ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে দলটি।
রাজা গোলাম রাব্বানী বলেন, ২০২২ থেকে ২০২৪ সালে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে খরচ হয়েছিল পাঁচ থেকে ছয় লাখ টাকা, অথচ সরকারি হিসাব ছিল প্রায় ৭৯ হাজার টাকা।
তিনি বলেন, বাজার আবার খুললে সীমিত সংস্থার সিন্ডিকেট যেন আর না থাকে, সেদিকে সরকারকে নজর দিতে হবে।




