ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে আগামী ৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘ল্যাব এইড-ওয়ালটন-মিডিয়া কাপ ক্রিকেট-২০২৬’। পল্টন আউটার স্টেডিয়ামে অনুষ্ঠেয় এ টুর্নামেন্টে ৪৮টি দল অংশ নিচ্ছে।
এর মধ্যে ২৩টি দৈনিক পত্রিকা, ১৭টি টেলিভিশন ও ৮টি অনলাইন গণমাধ্যমের দল রয়েছে।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। সঞ্চালনা করেন ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও সদস্যদের বিনোদন, পারস্পরিক সম্প্রীতি ও খেলাধুলার প্রতি আগ্রহ বিবেচনায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
পেশাগত ব্যস্ততার বাইরে সদস্যদের মধ্যে আনন্দ ও সৌহার্দ্য বিনিময়ের সুযোগ তৈরি করাই এর অন্যতম উদ্দেশ্য। সবার অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে চাই।
সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, প্রতি বছর ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে ডিআরইউ সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও সম্প্রীতির বন্ধন তৈরি হয়। এ আয়োজন শুধু খেলার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সদস্যদের মিলনমেলাও।
তিনি সব সদস্যকে মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করার আহ্বান জানান। পাশাপাশি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ল্যাব এইড ও ওয়ালটন গ্রুপের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল্যাব এইড ক্যান্সার হসপিটালের চিফ বিজনেস অফিসার মাসুদ আহমেদ এবং ওয়ালটন গ্রুপের সিনিয়র অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন।
তারা বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ক্রীড়া আয়োজনের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার বাইরে খেলাধুলা ও বিনোদনের মাধ্যমে একে অপরের সঙ্গে মিলিত হওয়ার এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।
ডিআরইউর ক্রীড়া আয়োজনের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকতে চাই। এ ধরনের আয়োজনের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আমরা বিশ্বাস করি।
আমরা আশা করি, এবারের মিডিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা সবার অংশগ্রহণে আনন্দমুখর ও সফল হয়ে উঠবে। ডিআরইউর সঙ্গে এ আয়োজনে অংশীদার হতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত।
আয়োজকরা জানান, প্রতিটি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হবে। অংশগ্রহণকারী দলগুলো পাবে ম্যাচ ফি, জার্সি ও পানি। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ৩০ হাজার এবং রানার্সআপ দল ২০ হাজার টাকা পাবে।
ফাইনালের সেরা খেলোয়াড়কে ক্রেস্ট ও পাঁচ হাজার টাকা সম্মানী দেওয়া হবে। খেলার সূচি ও বাইলজ অংশগ্রহণকারী দলগুলোর হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউ কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম, যুগ্ম সম্পাদক মো: জাফর ইকবাল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য আল-আমিন আজাদ, সুমন চৌধুরী ও মো. আব্দুল আলীম।




