তিন দফা দাম বাড়ানোর পর এবার সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দরে ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর এই দরেই আজ শনিবারও বিক্রি হচ্ছে সোনা।
সোনার দাম: নতুন দর কত
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ১৯ হাজার ৪৫৫ টাকা। ভ্যাটসহ এই দামে আজ দেশের সব জুয়েলারি দোকানে সোনা বিক্রি হচ্ছে। এর আগে টানা তিন দফায় বাড়ানো হয়েছিল সোনার দাম।
২১ ক্যারেটের সোনার দাম কমেছে ভরিতে ২ হাজার ৬২৪ টাকা, এখন প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা। ১৮ ক্যারেটের সোনা বিক্রি হচ্ছে ভরিতে ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকায়। আর সনাতন পদ্ধতির সোনার দাম দাঁড়িয়েছে ভরিতে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।
শুক্রবার সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় নতুন এই দর ঠিক করা হয়। পরে কমিটির চেয়ারম্যানের সই করা বিজ্ঞপ্তিতে দাম কমানোর সিদ্ধান্ত জানানো হয়।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর সোনার দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। বিশ্ববাজারেও সোনার দাম নিম্নমুখী রয়েছে।
তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। আগের দরেই বিক্রি হচ্ছে রুপা।




