পর্যটন মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কক্সবাজারের সেন্ট মার্টিনে অগ্নিনির্বাপণ মহড়া করেছে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস। দ্বীপের হোটেল-রিসোর্ট এলাকায় এই যৌথ মহড়া চালানো হয়।
কেন এই মহড়া
সেন্ট মার্টিনে কোনো ফায়ার সার্ভিস স্টেশন নেই। ছোট-বড় মিলিয়ে প্রায় ১৫০টি হোটেল, রিসোর্ট ও কটেজ থাকলেও অনেক প্রতিষ্ঠানেই পর্যাপ্ত অগ্নিনির্বাপক সরঞ্জাম নেই বলে অভিযোগ রয়েছে।
এর আগে গত ১৭ অক্টোবর উখিয়ার ইনানীর একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়। সেই ঘটনার পর থেকেই প্রবালদ্বীপটির অগ্নিনিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়ে যায়।
এ অবস্থায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে ফায়ার সার্ভিসের চার সদস্যের একটি দল ৩ নভেম্বর থেকে দ্বীপের হোটেল, রিসোর্ট ও কটেজের মালিক ও কর্মচারীদের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ ও পরিদর্শন চালিয়ে যাচ্ছে।
টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমন বলেন, দ্বীপে পূর্ণাঙ্গ ফায়ার স্টেশন না থাকায় আগুন লাগলে প্রথম কয়েক মিনিটে স্থানীয়দের তাৎক্ষণিক পদক্ষেপই সবচেয়ে জরুরি। প্রশিক্ষণে অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার, গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা প্রতিরোধ ও পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়ার কৌশল হাতে-কলমে শেখানো হচ্ছে।
টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী বলেন, প্রতিটি হোটেল-রিসোর্টে নিজস্ব প্রাথমিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদার করা বাধ্যতামূলক করা হয়েছে। মহড়া শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
উল্লেখ্য, ১ নভেম্বর থেকে সেন্ট মার্টিনে পর্যটন মৌসুম শুরু হয়েছে, চলবে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত। এ সময় দ্বীপে প্রতিদিন হাজারো পর্যটকের ভিড় থাকবে।




