মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট বসানো ও রেজিস্ট্রেশন নম্বর দেখানো নিয়ে দীর্ঘদিনের জটিলতার অবসান হলো। সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ সংশোধন করে সরকার এখন সামনের নম্বরপ্লেটে এক লাইনে নম্বর লেখার সুযোগ দিয়েছে।
গত ২৮ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রোববার (১ নভেম্বর) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় তা প্রকাশিত হয়েছে। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপসচিব আল-আমীন মো. নূরুল ইসলাম। সংশোধিত বিধান অবিলম্বে কার্যকর হবে।
মোটরসাইকেলের নম্বরপ্লেটে যা যা বদলাল
সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারার ক্ষমতাবলে বিধিমালার ৩৬ বিধিতে এই সংশোধনী আনা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, প্রচলিত বিন্যাসের পাশাপাশি সামনের রেজিস্ট্রেশন নম্বর এক লাইনে বা আনুভূমিকভাবে লেখার অনুমতি দিতে পারবে বিআরটিএ।
মোটরসাইকেলের নকশা অনুযায়ী একাধিক মাপের বিপরীতমুখী রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ব্যবহারের অনুমতিও দিতে পারবে সংস্থাটি। অক্ষরের উচ্চতা, জেলা বা অঞ্চলের নামের অক্ষরের আকার, যানবাহনের শ্রেণির অক্ষরের উচ্চতা ও হাইফেনের দৈর্ঘ্য নির্ধারণের ক্ষমতাও দেওয়া হয়েছে বিআরটিএকে।
এ ছাড়া বিধিমালার ৩৬ বিধির উপবিধি (১০) থেকে ‘মোটরসাইকেল এবং’ শব্দ দুটি বাদ দেওয়া হয়েছে, যাতে বিধিগত অস্পষ্টতা দূর হয়।
এর আগে বিআরটিএ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা ১৫ নভেম্বর থেকে বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করেছে।




