32.9 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
কৃষিকে লাভজনক করার আহ্বান রাষ্ট্রপতির
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

কৃষিকে লাভজনক করার আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশের কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে কৃষকদের প্রণোদনা বৃদ্ধি, আধুনিক সংরক্ষণ প্রযুক্তির সম্প্রসারণ এবং কৃষি গবেষকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, কৃষিকাজ করে পর্যাপ্ত আয় না হওয়ায় অনেক শ্রমিক এ পেশা ছেড়ে যাচ্ছেন। তাই কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, কৃষিপণ্যের উৎপাদন বাড়লেও যথাযথ সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের অভাবে কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এ সমস্যা সমাধানে সংরক্ষণ প্রযুক্তির উন্নয়ন এবং কৃষিতে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন।

উত্তরাঞ্চলে আলুর ব্যাপক উৎপাদনের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, অনেক সময় ন্যায্যমূল্য না পেয়ে কৃষকরা আলু রাস্তায় ফেলে দিতে বাধ্য হন। অথচ পরবর্তী সময়ে বীজ আলুর দাম বেড়ে যায়। আবার উৎপাদনস্থল থেকে ঢাকায় পৌঁছানোর পর আলুর দাম অনেক বেড়ে যায়। অন্যান্য সবজির ক্ষেত্রেও একই সমস্যা রয়েছে।

এ পরিস্থিতি মোকাবিলায় আলু, টমেটোসহ বিভিন্ন সবজি ও ফলমূল দীর্ঘদিন সংরক্ষণের উপযোগী কোল্ড স্টোরেজ এবং আধুনিক প্রযুক্তির সম্প্রসারণের আহ্বান জানান তিনি।

পেঁয়াজ উৎপাদনে গবেষকদের সাফল্যের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, একসময় পেঁয়াজ আমদানিতে বিপুল অর্থ ব্যয় করতে হতো। বর্তমানে আমদানির প্রয়োজন না হওয়ার বিষয়টি ইতিবাচক অগ্রগতি।

কৃষিজমিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অতিরিক্ত সার মাটির ক্ষতি করার পাশাপাশি ফসলের গুণগত মান নষ্ট করছে। এ বিষয়ে কৃষকদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি টেকসই কৃষিপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে।

কৃষি গবেষকদের সুযোগ-সুবিধা নিশ্চিতের ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি বলেন, কৃষি বিজ্ঞানীরা যথাযথ সুযোগ-সুবিধা না পেলে মেধাবী শিক্ষার্থীদের এ পেশায় আকৃষ্ট করা কঠিন হবে। এ সময় কৃষি বিজ্ঞানীদের পেনশন-সংক্রান্ত বিধিমালা পরিবর্তনের উদ্যোগ নিতে কৃষিমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কৃষি উন্নয়নে অবদানের কথা স্মরণ করে বলেন, খাল খনন কর্মসূচি ও উচ্চফলনশীল ধানের বীজ সম্প্রসারণসহ বিভিন্ন উদ্যোগ দেশের কৃষি খাতে পরিবর্তন এনেছিল।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল করিম রনি, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান, বারির মহাপরিচালক মো. মঞ্জুরুল কাদির এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টা ১৫ মিনিটের দিকে বারি প্রাঙ্গণে পৌঁছালে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে তিনি বারির জিন ব্যাংক ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উদ্ভিদ কৌলিসম্পদ কেন্দ্রের প্রাঙ্গণে বারি কাঁঠাল-৬ জাতের একটি চারা রোপণ করেন।

Related posts

ঘোষিত সময় থেকে নির্বাচন পেছানোর সুযোগ নেই

News Desk

শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন প্রধান উপদেষ্টা – বাণিজ্য উপদেষ্টা

brs@admin

৩৬৫ দিনে ৩৭০ মব, এমন দেশে পাগলও বাস করতে চাইবে না: রুমিন ফারহানা

News Desk

পাকিস্তান আমলেও লাশ পুড়িয়ে দেওয়ার কথা শুনিনি: রিজভী

News Desk

ডাকসুতে বিজয়ী হবে ছাত্রদল: রিজভী

News Desk

ইতালির নাগরিকত্ব নিয়ে বড় দুঃসংবাদ, যা রয়েছে নতুন আইনে

brs@admin
Translate »