জনগণের ভোটে নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলতে এবং দেশে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে পতিত সরকারের দোসররা দেশে-বিদেশে ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসব অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক এলাকায় এক মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী অভিযোগ করেন, ভারতের মাটিকে ব্যবহার করে পতিত সরকারের দোসররা নতুন করে ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। বিদেশের মাটিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অপমান করার ঘটনাও উল্লেখ করেন তিনি। এসব ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তির ওপর কী প্রভাব ফেলছে, তা ভেবে দেখার আহ্বান জানান বিএনপির এই নেতা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দা মো. লকাই বিশ্বাসের হাতে নতুন নির্মিত বাড়ির চাবি তুলে দেওয়া হয়। পাশাপাশি অসহায় মানুষের মধ্যে চিকিৎসা সহায়তা ও আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়।
ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দল নেতা শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
এ ছাড়া বক্তব্য দেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সাধারণ সম্পাদক এ কে এম কিবরিয়া স্বপনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।




