দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির্ধারণের পর আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সেই দামেই স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে নতুন দাম নির্ধারণ করা হয়। ওই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
কোন মানের স্বর্ণের দাম কত
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৯ টাকা কমিয়ে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা করা হয়েছে।
১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা।
আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭০০ টাকা কমিয়ে করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।
বাজুস জানিয়েছে, তেজাবী স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।
গহনা কিনতে বাড়তি যা দিতে হবে
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এ ছাড়া মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে পুরোনো অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।
এর আগে কত ছিল
এর আগে ৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ভ্যাটসহ ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।
একইভাবে ২১ ক্যারেটের দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা নির্ধারণ করা হয়েছিল।
পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত নতুন বিক্রয়মূল্য কার্যকর থাকবে।




