জুনিয়র নারী এশিয়া কাপ হকিতে হ্যাটট্রিক জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ নারী দল।
এশিয়া কাপের চ্যালেঞ্জার পুলে নিজেদের তৃতীয় ম্যাচে আজ বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল ৪-০ গোলে কাজাখস্তানকে হারিয়েছে।
এর আগে নিজেদের প্রথম দুই ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে এবং পাকিস্তানকে ৫-১ গোলে হারায় বাংলাদেশ।
তিন ম্যাচে তিন জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে শেষ আট নিশ্চিত করেছে বাংলাদেশ।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, চ্যালেঞ্জার পুলের শীর্ষ তিন দল এবং এলিট পুলের পাঁচ দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।
চীনের হুলুনবুইর সিটিতে অনুষ্ঠিত ম্যাচের তৃতীয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন অধিনায়ক সারিকা রিমন।
১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বাংলাদেশের মোসাম্মত আক্তার। তাঁর ফিল্ড গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে জয় নিশ্চিত করে বাংলাদেশ। ৪৬ মিনিটে ফিল্ড গোল করে ব্যবধান ৩-০ করেন মোসাম্মত লিমা।
এরপর ৫১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল করেন অধিনায়ক সারিকা রিমন। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
আগামীকাল চ্যালেঞ্জার পুলে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো জুনিয়র এশিয়া কাপে খেলছে বাংলাদেশ নারী দল। এর আগে ২০২৩ সালে প্রথমবারের মতো এ প্রতিযোগিতায় অংশ নেয় তারা। সেবার নবম স্থানে থেকে আসর শেষ করেছিল বাংলাদেশ।




