ভোলার লালমোহনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিফাত বিন সাদেক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ।
পদযাত্রায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। পদযাত্রা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় দিবসটির প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য দেন লালমোহন রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও যুগান্তর প্রতিনিধি জসিম জনি, লালমোহন মডেল একাডেমির প্রধান শিক্ষক ও আমার দেশ প্রতিনিধি আজিম উদ্দিন খান, আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো. আরিফুর রহমান, জাসাস সভাপতি ও শিল্পকলা একাডেমির সম্পাদক আজাদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি হাফেজ রাশেদুল ইসলাম, বিজেপির সেক্রেটারি আব্দুর রব সোহাগ, লালমোহন প্রেসক্লাবের সভাপতি সোহেল আজিজ শাহিন, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষিত মানুষরা উদ্যোগ নিলে সমাজ থেকে নিরক্ষরতার অভিশাপ দূর করা সম্ভব। এজন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি শিক্ষা থেকে বঞ্চিত মানুষদের শিক্ষার আওতায় আনতে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।




