ভোলার লালমোহনে থানা পুলিশের পৃথক দুটি জুয়াবিরোধী অভিযানে তাস খেলে জুয়া খেলার সময় ১২ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে পৃথক মামলা দায়ের করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার রাতে উপজেলার কালমা এবং পশ্চিম চরউমেদ ইউনিয়নে এ অভিযানগুলো পরিচালনা করে লালমোহন থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কালমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী এলাকায় মাদক ও জুয়াবিরোধী অভিযান চালায় পুলিশ। সেখানে স্থানীয় আকতার সিকদারের মুদি দোকানের পেছন থেকে তাস দিয়ে জুয়া খেলার সময় ৬ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—ইব্রাহিম (৩০), জাকির হোসেন (৪০), শফিউল্লাহ (৫৪), কালু খা (৫২), সবুজ (২৬) ও কবির (৩১)। তাদের মধ্যে কবির তজুমদ্দিন উপজেলার বাসিন্দা এবং বাকিরা লালমোহনের বিভিন্ন এলাকার বাসিন্দা।
একই রাতে পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাঙ্গাশিয়া এলাকায় দ্বিতীয় অভিযানটি চালানো হয়। সেখানে আবু সিকদারের চায়ের দোকানের ভেতর জুয়া খেলার সময় আরও ৬ জনকে হাতেনাতে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন—ইসমাইল (২৭), নুর আলম (৪৫), বিল্লাল (৩৬), হোসেন (২৫), সবুজ (২৪) ও দুলাল (৫২)। আটক সবাই লালমোহন উপজেলার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার জানান, আটককৃত ১২ জনের বিরুদ্ধে জুয়া আইনে পৃথক দুটি মামলা দায়েরের পর শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উপজেলায় মাদক, জুয়াসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।




