বলিউডের জনপ্রিয় দুই অভিনেতা আমির খান ও অক্ষয় খান্নার বন্ধুত্বের গল্প অনেক পুরোনো। ২৫ বছর আগে ‘দিল চাহতা হ্যায়’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। আর এই সিনেমার শুটিংয়েই এমন একটি ঘটনা ঘটেছিল, যা এখনো ভুলতে পারেননি পরিচালক ফারহান আখতার।
একটি দৃশ্যে আমির খানকে পরপর ১৭ বার চড় মেরেছিলেন অক্ষয় খান্না। চড়গুলো এতটাই জোরে ছিল যে শুটিংয়ের একপর্যায়ে আমিরের মুখে দাগও পড়ে যায়। কিন্তু কেন এতবার চড় মারতে হয়েছিল?
সম্প্রতি ‘দিল চাহতা হ্যায়’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে সিনেমাটির নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা একত্রিত হয়েছিলেন। সেখানেই এই ঘটনার নেপথ্যের গল্প জানান পরিচালক ফারহান আখতার।
চড়টি ছিল সত্যি
ফারহান আখতার জানান, ওই দৃশ্যে অক্ষয় খান্নাকে সত্যিই আমির খানকে চড় মারতে বলা হয়েছিল। বিষয়টি আমিরকে আগেই জানানো হয়েছিল এবং তিনিও এতে সম্মতি দিয়েছিলেন।
তবে দৃশ্যটিকে আরও বাস্তবসম্মত করতে ফারহান অক্ষয়কে একটি বিশেষ নির্দেশ দেন। সংলাপ শেষ হওয়ার পর নয়, বরং সংলাপ চলাকালীনই চড় মারতে বলা হয়েছিল। এতে আমিরের স্বাভাবিক বিস্ময় ক্যামেরায় ধরা পড়বে বলে মনে করেছিলেন পরিচালক।
ফারহান বলেন, প্রথম চড়টি মারার পর আমির কিছুটা চমকে গেলেও পরে নাকি নিজেই বলেছিলেন, এমন আরও কয়েকটি চড় দেওয়া যেতে পারে।
প্রথম চড়েই ফুলে গিয়েছিল আমিরের মুখ
ফারহানের ভাষ্য অনুযায়ী, অক্ষয় খান্নার প্রথম চড়টি বেশ জোরে ছিল। ফলে আমিরের মুখ ফুলে গিয়েছিল। এরপর দৃশ্যটি নিখুঁত করতে পরপর মোট ১৭টি চড় দেওয়া হয়।
ফারহান বলেন, ১৭ বার চড় মারার পর আমিরের মুখের এক পাশ পুরোপুরি দাগ হয়ে গিয়েছিল। এত বছর পরও সেই দৃশ্য তাঁর মনে গেঁথে আছে বলে জানান তিনি।
শুধু আমির নন, চড় খেয়েছিলেন সাইফও
‘দিল চাহতা হ্যায়’ সিনেমায় চড় খাওয়ার ঘটনা শুধু আমির খানের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। আরেকটি দৃশ্যে সাইফ আলি খানও চড় খেয়েছিলেন।
সেই দৃশ্যে সাইফকে চড় মেরেছিলেন অভিনেত্রী ও মডেল সুচিত্রা পিল্লাই। প্রথমে চড় মারতে কিছুটা ইতস্তত করছিলেন সুচিত্রা। পরে পরিচালকের নির্দেশে সাইফ আলি খানকে তিনবার চড় মারেন তিনি।
২৫ বছর পর সিনেমাটির সেই শুটিংয়ের নেপথ্যের গল্প সামনে আসায় ফের আলোচনায় এসেছে আমির, অক্ষয় ও সাইফ অভিনীত ‘দিল চাহতা হ্যায়’।





