BRS TIMES
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খেলাধূলাপ্রচ্ছদশিরোনাম

রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর দুই দিনের সরকারি সফরে তাঁর আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রিয় সন্তানকে রাষ্ট্রপতি হিসেবে বরণ করে নিতে প্রস্তুত ঠাকুরগাঁওবাসী।

রাষ্ট্রপতির আগমন উপলক্ষে শহরের বিভিন্ন এলাকায় নির্মাণ করা হচ্ছে তোরণ, চলছে আলোকসজ্জা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীরাও ব্যস্ত সময় পার করছেন। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থানে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি।

শৈশব-কৈশোরের স্মৃতিবিজড়িত ঠাকুরগাঁও শহরের অলিগলি, বাজার-পাড়া ও রাস্তাঘাট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘদিনের পরিচিত। স্থানীয়দের কাছে তিনি শুধু জাতীয় রাজনীতির পরিচিত মুখ নন, অনেকের কাছে এখনো তিনি পরিচিত ‘আলমগীর স্যার’ নামে। তাই রাষ্ট্রপতি হিসেবে নিজ মাটিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ, উচ্ছ্বাস ও আবেগ।

দুই দিনের সফরে রাষ্ট্রপতির কর্মসূচি

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, ৬ সেপ্টেম্বর রোববার সকাল ১০টায় হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল ১১টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে তাঁর অবতরণের কথা রয়েছে।

সেখান থেকে তিনি জেলা সার্কিট হাউসে যাবেন এবং সেখানে গার্ড অব অনার গ্রহণ করবেন। পরে শহরের সেনুয়া পাড়ায় পারিবারিক কবরস্থানে গিয়ে তাঁর বাবা সাবেক মন্ত্রী মরহুম মির্জা রুহুল আমীন (চোখামিয়া) ও মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন।

কবর জিয়ারত শেষে রাষ্ট্রপতি শহরের কালীবাড়িতে তাঁর নিজ বাসভবনে যাবেন। সেখানে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশ নেওয়ার প্রস্তুতি চলছে।

সংবর্ধনা শেষে নিজ বাসভবনে ফিরে গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতি। সেখানেই তাঁর রাত্রিযাপনের কথা রয়েছে।

সফরের দ্বিতীয় দিন ৭ সেপ্টেম্বর সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি। পরে নিজ বাসভবনে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে সার্কিট হাউসে যাবেন। সেখান থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ছাড়ার কথা রয়েছে তাঁর।

জোরদার নিরাপত্তা ব্যবস্থা

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে পুরো জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠপর্যায়ে কাজ করছেন।

রাষ্ট্রপতির সফরের সম্ভাব্য স্থান, যাতায়াতের পথ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। একই সঙ্গে সাধারণ মানুষের চলাচল ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

রাষ্ট্রপতির সংবর্ধনা কমিটির আহ্বায়ক ডা. আবু মো. খয়রুল কবির বলেন, ‘তিনি শুধু রাষ্ট্রপতি নন, তিনি আমাদের ঠাকুরগাঁওয়ের সন্তান। দীর্ঘদিন পর রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থেকে তিনি নিজের মানুষের কাছে ফিরছেন। এটি আমাদের জন্য অত্যন্ত গর্ব ও আবেগের মুহূর্ত।’

জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন বলেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁওয়ে প্রথম আগমন জেলার মানুষের জন্য আনন্দ, গর্ব ও আবেগের বিষয়। তাঁর সফরকে ঘিরে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক জানান, ৬ ও ৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতির দুই দিনের সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সফরের প্রতিটি কর্মসূচি সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তর, সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন বলেন, রাষ্ট্রপতির দুই দিনের সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সফরের প্রতিটি কর্মসূচি, যাতায়াতের পথ ও গুরুত্বপূর্ণ স্থানগুলো নিরাপত্তার আওতায় আনা হয়েছে।

রাষ্ট্রপতির আগমন ঘিরে প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি ঠাকুরগাঁওবাসীর মধ্যেও দেখা দিয়েছে বাড়তি কৌতূহল ও উচ্ছ্বাস। প্রিয় সন্তানকে রাষ্ট্রপতি হিসেবে নিজ শহরে বরণ করে নিতে এখন অপেক্ষায় পুরো ঠাকুরগাঁও।

Related posts

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থল সবার জন্য উন্মুক্ত

News Desk

সারাদেশে চিরুনি অভিযানের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার

News Desk

বাংলাদেশের প্রতিটি নাগরিক সমান মর্যাদার অধিকারী : প্রধান উপদেষ্টা

News Desk

হাসপাতালে অভিযান চালিয়ে ৭ দালালকে কারাদণ্ড

News Desk

বাংলাদেশে আইপিএল-এর সকল খেলার সম্প্রচার বন্ধের নির্দেশ

News Desk

বিশ্বকাপে না খেলায় ২০ বছর পিছিয়েছে ক্রিকেট, দাবি ফরচুন বরিশাল মালিকের

News Desk
Translate »