BRS TIMES
হৃদয়ের রেকর্ড ট্রিপল-সেঞ্চুরি
অন্যান্য সংবাদখেলাধূলাপ্রচ্ছদশিরোনাম

হৃদয়ের রেকর্ড ট্রিপল-সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ড্র বাংলাদেশ ‘এ’ দলের

দক্ষিণ আফ্রিকা সফরে দ্বিতীয় ও শেষ আনঅফিসিয়াল চার দিনের ম্যাচে রেকর্ড গড়া ট্রিপল-সেঞ্চুরি করেছেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক তাওহিদ হৃদয়। তার দুর্দান্ত ৩৫০ রানের অপরাজিত ইনিংসে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ম্যাচটি ড্র করেছে বাংলাদেশ।

পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের প্রথম ইনিংসে করা ৫১২ রানের জবাবে চতুর্থ ও শেষ দিন ৮ উইকেটে ৬৭৬ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ ‘এ’ দল। এতে ১৬৪ রানের লিড নেয় তারা। ৪৮১ বল মোকাবিলা করে ২৭টি চার ও ১০টি ছক্কার সাহায্যে ৩৫০ রানে অপরাজিত থাকেন হৃদয়।

দিনের শেষভাগে ১৬৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল। ১২ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে ১৮ রান সংগ্রহ করার পর দুই দল ম্যাচটি ড্র মেনে নেয়।

রেকর্ডের পর রেকর্ড হৃদয়ের

এই ইনিংসের মাধ্যমে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েছেন তাওহিদ হৃদয়। এর আগে রেকর্ডটি ছিল সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড প্রধান তামিম ইকবালের দখলে। ২০১৯ সালে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ইস্ট জোনের হয়ে সেন্ট্রাল জোনের বিপক্ষে ৩৩৪ রান করেছিলেন তামিম।

হৃদয় শুধু সেই রেকর্ডই ভাঙেননি, বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৫০ রানের ইনিংস খেলেছেন। পাশাপাশি দেশের তৃতীয় ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল-সেঞ্চুরির কীর্তি গড়েছেন তিনি। এর আগে রাকিবুল হাসান ৩১৩ এবং তামিম ইকবাল ৩৩৪ রানের ইনিংস খেলেছিলেন।

দক্ষিণ আফ্রিকার মাটিতেও নতুন ইতিহাস গড়েছেন হৃদয়। দেশের বাইরে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ রানের রেকর্ড এখন তার দখলে। এর আগে ২০০৩ সালে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে করাচিতে ডিফেন্স হাউজিং অথরিটির বিপক্ষে শাহরিয়ার হোসেনের ২১৮ রান ছিল সর্বোচ্চ।

এ ছাড়া দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো সফরকারী ব্যাটারের দ্বিতীয় ট্রিপল-সেঞ্চুরি এটি। এর আগে ১৯৪৮ সালে এমসিসির হয়ে ৩০০ রান করেছিলেন ইংল্যান্ডের ডেনিস কম্পটন।

দক্ষিণ আফ্রিকায় প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসও এখন হৃদয়ের। সর্বোচ্চ ৩৯০ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার স্টিভেন কুক। ২০০৯ সালে লায়ন্সের হয়ে সেই ইনিংস খেলেন তিনি।

৪৫০ বলে ট্রিপল সেঞ্চুরি

তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ৪৭১ রান নিয়ে দিন শেষ করেছিল বাংলাদেশ ‘এ’ দল। তখন ২০৪ রানে অপরাজিত ছিলেন হৃদয়। চতুর্থ দিনের প্রথম সেশনে আরও দুই উইকেট হারিয়ে ৫১৯ রানে অষ্টম উইকেট হারায় বাংলাদেশ।

এরপর রেজাউর রহমান রেজাকে সঙ্গে নিয়ে দুর্দান্ত ব্যাটিং করেন হৃদয়। ৩৮১ বলে আড়াইশ রান পূর্ণ করার পর মাত্র ৪৫০ বলে ট্রিপল-সেঞ্চুরিতে পৌঁছান তিনি। এরপর আরও আক্রমণাত্মক ব্যাটিং করে মাত্র ৩১ বলে পরের ৫০ রান যোগ করেন।

নবম উইকেটে রাজার সঙ্গে হৃদয়ের জুটি থেকে আসে ১৫৭ রান। রাজা ১১০ বলে চারটি চার ও দুটি ছক্কার সাহায্যে ৩১ রান করেন। দক্ষিণ আফ্রিকার কাইল সিমন্ডস ২৩৯ রানে ৪টি উইকেট নেন।

প্রথম ম্যাচে ইনিংস ও ৪১৩ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়ে সিরিজের শেষ ম্যাচটি ড্র করল বাংলাদেশ ‘এ’ দল।

আগামী ৬ সেপ্টেম্বর থেকে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দল।

Related posts

বিমান বিধ্বস্ত : রাষ্ট্রপতির গভীর শোক প্রকাশ

News Desk

ইয়েমেনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ১৪

News Desk

আন্তর্জাতিক উৎসবে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন মেহজাবীন

brs@admin

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা বাবুলের স্মরণে দোয়া

News Desk

মোংলায় ইসলামি আন্দোলনের নির্বাচনী কর্মী সমাবেশ

News Desk

জাতীয় নির্বাচনের সময়কাল নিয়ে কোনো কথা বলিনি : নাহিদ ইসলাম

brs@admin
Translate »