BRS TIMES
জনগণের সমস্যা সমাধানে রাস্তায় নেমেছি
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

জনগণের সমস্যা সমাধানে রাস্তায় নেমেছি : কুমিল্লায় জামায়াত আমির

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কুমিল্লাসহ সারা দেশের মানুষ গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকটে ভুগছে। জনগণের এসব সমস্যা সমাধানে তারা রাস্তায় নেমেছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘কুমিল্লা বিভাগ দ্রুত বাস্তবায়ন করুন’

শফিকুর রহমান বলেন, ১৯৯৪ সালে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবি উঠলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কুমিল্লা বিভাগ বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, ‘পাশের কোনো জেলার যদি দাবি থাকে, তাদেরও দিয়ে দেন। কুমিল্লা বিভাগের প্রশাসনিক কার্যক্রম শুরু করে দ্রুত বাস্তবায়ন করুন।’

‘নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি রাখেনি সরকার’

জামায়াত আমির অভিযোগ করেন, নির্বাচনের আগে সরকার জনগণকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে।

তিনি বলেন, কুমিল্লায় এখনো চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি রয়েছে। এসব বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর যথাযথ নজর নেই বলেও মন্তব্য করেন তিনি।

দেশে মাদকের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শফিকুর রহমান। তিনি বলেন, মাদকে দেশ ভরে গেছে এবং এতে যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। যুবসমাজকে রক্ষা করে দেশকে বাঁচানোর আহ্বান জানান তিনি।

‘জনতার বিজয় হবে’

জামায়াত আমির বলেন, তারা আশাবাদী, জনতার বিজয় হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন হবে।

তিনি বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে আমরা সব দাবি আদায় করব ইনশাআল্লাহ। জনতা আমাদের সঙ্গে আছে, আমরা গন্তব্যে পৌঁছাব।’

‘সরকার ১৮০ দিনে ব্যর্থ’

পথসভায় বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, লংমার্চে তারা অভূতপূর্ব সাড়া পেয়েছেন। মানুষ তাদের অনুভূতি প্রকাশ করছেন।

তিনি অভিযোগ করেন, সরকার ১৮০ দিনে দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে এবং কোনো প্রতিশ্রুতিই বাস্তবায়ন করতে পারেনি।

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, সরকারের মন্ত্রীদের সন্তানরা চাঁদাবাজি ও দুর্নীতিতে জড়িত এবং তারা সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ত। ঢাকায় লংমার্চের ডাক দেওয়া হবে বলেও জানান তিনি।

এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেন, দেশ চাঁদাবাজি, খুন ও রাহাজানিতে ভরে গেছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার জনগণের রায়কে উপেক্ষা করলে জনগণও সরকারকে প্রত্যাখ্যান করবে। গণভোটের গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করবে জনগণ।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপিসহ অনেকে।

এর আগে শনিবার সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে লংমার্চের বহর চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। লংমার্চের পথে পূর্বনির্ধারিত বিভিন্ন পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হবে। ফেনীর মহীপাল, মীরসরাই এবং চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Related posts

সাকিবের রেকর্ড ভাঙলেন লিটন দাস

News Desk

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার দায়ে নৌকাসহ তিন জেলে আটক

News Desk

দেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু স্টারলিংকের

brs@admin

সাবেক এমপি দুদু ও তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

News Desk

উত্তর আটলান্টিকে রাশিয়ার তেলের ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

News Desk

ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি প্রধান উপদেষ্টার

News Desk
Translate »