BRS TIMES
পাটকেলঘাটায় লংমার্চ ফেরত বাস দুর্ঘটনা
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

সাতক্ষীরায় পথচারীকে বাঁচাতে গিয়ে পুকুরে পড়ল লংমার্চের বাস

খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চ শেষে সাতক্ষীরায় ফেরার পথে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে গেছে। এতে বাসচাপায় আব্দুল খালেক মণ্ডল নামে এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসে থাকা অন্তত ৩০ নেতাকর্মী।

শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা থানার কুমিরা চারা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক মণ্ডল তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাসটি লংমার্চ শেষে ফিরছিল। পাটকেলঘাটা এলাকায় পৌঁছালে হঠাৎ এক পথচারী বাসটির সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের পুকুরে পড়ে যায়।

উদ্ধার কাজে পুলিশ ও স্থানীয়রা

খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়। আহতদের মধ্যে ১০ থেকে ১২ জন স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। মুহাদ্দিস আব্দুল খালেক জানান, বাসটিতে লংমার্চে অংশ নেওয়া ৫১ থেকে ৬২ জন যাত্রী ছিলেন।

সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আজিজুর রহমান বলেন, হঠাৎ বাসের সামনে পড়া বৃদ্ধকে বাঁচাতে গিয়েই বাসটি খাদে পড়ে যায়। এতে তার দলের ২০ থেকে ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, লংমার্চ থেকে ফেরার পথে বাসটি সড়ক দুর্ঘটনার শিকার হয়। এতে এক পথচারী নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সূত্র: কালের কণ্ঠ, বাংলা ট্রিবিউন

Related posts

মার্কিন হামলার ‘আনুপাতিক জবাব’ দেওয়ার অঙ্গীকার ইরানের শীর্ষ জেনারেলের

brs@admin

ভূমিকম্পে বিধ্বস্ত দুর্গম অঞ্চলে বিমান থেকে কমান্ডো নামাচ্ছে আফগানিস্তান

News Desk

বিএনপির সঙ্গে জামায়াতের সৌহার্দপূর্ণ সম্পর্ক আছে

News Desk

ডেঙ্গুতে আরও ৯ জনের প্রাণহানি

News Desk

ভোলা-৩ এ এনসিপি’র মনোনয়নপত্র নিলেন ইঞ্জি. সালাউদ্দিন

News Desk

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

News Desk
Translate »