বিশ্বকাপের সুপার এইটের খেলায় আজ মুখোমুখি হবে ভারত-দক্ষিন আফ্রিকা । সুপার এইট পর্বে সূচিতে একাধিক ম্যাচ থাকলেও ভারত ও দক্ষিণ আফ্রিকার লড়াইটিই আলাদা করে উত্তেজনা তৈরি করেছে। দুই দলই গ্রুপ পর্ব পার করেছে অপরাজিত থেকে, তাই আজ (রোববার) সন্ধ্যা সাড়ে ৭টার এই ম্যাচকে অনেকেই বলছেন ‘ফাইনালের আগে ফাইনাল’।
এই ম্যাচের ফলেই সেমিফাইনাল নিশ্চিত হচ্ছে না, তবুও আগ্রহের ঘাটতি নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ফাইনালে রান তাড়ায় দীর্ঘ সময় এগিয়েও দক্ষিণ আফ্রিকার হেরে যাওয়া, আবার ভারতের মাটিতে টেস্টে প্রোটিয়াদের সাফল্য, সাম্প্রতিক সময়ে দুই দলের মুখোমুখি লড়াইয়ে আলাদা তাপ যোগ করেছে। ফলে সুপার এইটে এই ম্যাচ নতুন এক প্রতিদ্বন্দ্বিতার আবহ নিয়ে হাজির।


টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের সাম্প্রতিক ধারাবাহিকতা প্রত্যাশার মাত্রা অনেক উঁচুতে তুলে দিয়েছে।
বিশ্বকাপ মঞ্চে টানা জয় এবং দ্বিপাক্ষিক সিরিজে দাপুটে রেকর্ডের কারণে দলটির পারফরম্যান্সকে প্রায় স্বাভাবিক বলেই ধরা হচ্ছে। তবুও ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছে। নেদারল্যান্ডসের বিপক্ষে ১৯৩ রান করার পরও অধিনায়ক সূর্যকুমার যাদব মনে করিয়ে দিয়েছেন, দল প্রয়োজনীয় রান তুলতে পারছে।
আলোচনার কেন্দ্রে রয়েছেন অভিষেক শর্মা। আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত এই ব্যাটার বিশ্বকাপে এখনো রানের দেখা পাননি এবং টানা তিন ম্যাচে শূন্য রানে ফিরেছেন। তবে তাকে নিয়ে দলে কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন অধিনায়ক। অভিষেকের জায়গায় সাঞ্জু স্যামসনকে নেওয়ার সম্ভাবনা যেমন নাকচ হয়েছে, তেমনি তিলক ভার্মার জায়গা নিয়েও পরিবর্তনের ইঙ্গিত নেই।


ভারতের বিপক্ষে ইনিংসের শুরুতে অফ-স্পিনার দিয়ে বোলিং করানো সাম্প্রতিক ম্যাচগুলোতে প্রতিপক্ষদের একটি কৌশল হয়ে উঠেছে। পাকিস্তান ও নেদারল্যান্ডস সেই পরিকল্পনায় সাফল্য পেয়েছে। দক্ষিণ আফ্রিকাও একই পথ অনুসরণ করবে কি না, তা নিয়ে কৌতূহল থাকলেও দল থেকে স্পষ্ট কোনো বার্তা পাওয়া যায়নি।
মুখোমুখি পরিসংখ্যানেও ভারত এগিয়ে। বিশ্বকাপের লড়াইয়ে ৫-২ ব্যবধান এবং সাম্প্রতিক হিসাবেও ভারতের সাফল্য বেশি। আহমেদাবাদের কন্ডিশনে দক্ষিণ আফ্রিকার বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকলেও ভারতীয় ক্রিকেটারদের জন্যও পরিবেশটি অপরিচিত নয়।
দুই দলের বর্তমান ফর্ম, ভারসাম্যপূর্ণ স্কোয়াড এবং গ্রুপ পর্বের নিখুঁত পারফরম্যান্স মিলিয়ে ম্যাচটি সুপার এইটের সবচেয়ে প্রতীক্ষিত লড়াইয়ে পরিণত হয়েছে। আর যদি পথচলা একইভাবে এগোয়, তবে ৮ মার্চের ফাইনালেও এই দুই দলের পুনরায় মুখোমুখি হওয়া অস্বাভাবিক কিছু হবে না।

