26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

পাকিস্তানের জন্য ৩৪০ কোটি ডলারের ঋণ নবায়ন করলো চীন

চীন পাকিস্তানের জন্য ৩৪০ কোটি মার্কিন ডলারের বাণিজ্যিক ঋণ নবায়ন করেছে বলে জানিয়েছে ইসলামাবাদ। দেশটির অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রোববার (২৯ জুন) ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, চীনের এই সহায়তা এবং সাম্প্রতিক বাণিজ্যিক ও বহুপাক্ষিক ঋণ মিলিয়ে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগামীতে ১ হাজার ৪০০ কোটি ডলারে পৌঁছাতে পারে। এই রিজার্ভের পরিমাণ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত শর্ত পূরণে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জানা গেছে, পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে গত তিন বছর ধরে রাখা ২১০ কোটি ডলারের একটি বাণিজ্যিক ঋণের মেয়াদ বাড়িয়েছে বেইজিং। পাশাপাশি, প্রায় দুই মাস আগে পরিশোধ করা ১৩০ কোটি ডলারের আরেকটি ঋণও পুনর্বিনিয়োগের আওতায় আনা হয়েছে।

ওই কর্মকর্তা আরও জানান, শুধু চীন নয়, মধ্যপ্রাচ্যের কয়েকটি বাণিজ্যিক ব্যাংক থেকেও পাকিস্তান পেয়েছে ১০০ কোটি ডলার। একই সঙ্গে, বহুপাক্ষিক সহায়তা সংস্থাগুলো থেকে আরও ৫০ কোটি ডলারের অর্থ সহায়তা নিশ্চিত হয়েছে।

এই সহায়তা এমন সময় এলো যখন আইএমএফের সঙ্গে করা ৭০০ কোটি ডলারের বেইলআউট চুক্তির আওতায় নির্ধারিত অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নের চাপে রয়েছে পাকিস্তান। চুক্তি অনুযায়ী, চলতি বছরের জুন শেষ হওয়ার আগে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১ হাজার ৪০০ কোটি ডলারে পৌঁছানোর বাধ্যবাধকতা ছিল।

পাকিস্তানের কর্মকর্তাদের মতে, আইএমএফ-সমর্থিত সংস্কার এবং চীনের এই ঋণ নবায়নের ফলে দেশের অর্থনীতি একটি স্থিতিশীল ভিত্তির দিকে এগোচ্ছে। বর্তমান অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে বেইজিংয়ের অবদানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও বিবেচনা করা হচ্ছে।

বিআরএসটি /  জেডএইচআর

Related posts

প্রধানমন্ত্রীর পুরস্কার পাওয়া লালমোহনের ক্ষুদে ফুটবলার মাসুমকে সংবর্ধনা

News Desk

অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের ই-সনদ ও ভুল তথ্য সংশোধনের নির্দেশনা

brs@admin

সীমাবদ্ধতার মাঝেও স্বল্প সময়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন: রংপুরে সিইসি

brs@admin

দুদককে চিঠি দেওয়ার বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে : আহমদ তৈয়্যব

brs@admin

হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে ইরানের বৈঠকে অগ্রগতি

News Desk

সেপ্টেম্বরে ডাকসুর ভোট

News Desk
Translate »